পাথেয় রিপোর্ট : মনোনয়ন না দেওয়ায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন বিএনপির তিন নেতার সমর্থকরা। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালিয়ে কার্যালয়টির গ্লাস ভাঙচুর করে। এতে এক সংবাদ কর্মী ইটের আঘাতে আহত হয়েছেন।
৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যার দিকে এ হামলা ও ভাঙচুর চালান মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা।
জানা গেছে, শেরপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত ফাহিম চৌধুরী, নারায়ণগঞ্জ বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার ও গোপালগঞ্জের সেলিমুজ্জামান সেলিমের কয়েক হাজার সমর্থক এই হামলা চালিয়েছে। তারা রাজধানীর গুলশানে গিয়ে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। তাদের ছোড়া ইটের আঘাতে কার্যালয়ের জানালার কাঁচ ভেঙে যায়।তারা ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালিয়ে কার্যালয়টির গ্লাস ভাঙচুর করে। এতে এক সংবাদ কর্মী ইটের আঘাতে আহত হয়েছেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানসহ দলটির জ্যেষ্ঠ নেতারা ওই কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।
এর আগে শনিবার সকালে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অনুসারী নেতা-কর্মীরা নয়াপল্টন কার্যালয়ের ফটকে তালা দেন। বিক্ষোভের পর ১২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে তাঁরা তালা খুলে দেন। এরপর বিকেল সাড়ে পাঁচটা থেকে মিলনের কর্মী–সমর্থকেরা গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করতে থাকেন।
এর মধ্যেই নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আবদুল মালেক রতনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বঞ্চিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ করে ভাঙচুর চালান। তাঁরা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ফটকে ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে দুই-তিনজন কর্মী বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় তলায় ইট পাটকেল ছোড়েন। এতে জানালার কাচ ভেঙে যায়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপকারীকে ধাওয়া দিয়ে সরিয়ে দেন।
এর সঙ্গে একই কারণে এহছানুল হক মিলনের সমর্থকেরা সাড়ে পাঁচটা থেকে তাঁর নামে স্লোগান দিতে থাকেন। গোপালগঞ্জের সেলিমুজ্জামান সেলিমের হাজারো সমর্থক শনিবার বিকেলে চেয়ারপারসনের কার্যালয়ে হামলা চালান। একপর্যায়ে সেলিমুজ্জামান সেলিমের কর্মী-সমর্থকেরা রাস্তায় শুয়ে পড়েন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় চূড়ান্ত তালিকা ঘোষণার পরই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে নতুন করে মনোনয়ন চূড়ান্ত করার দাবি করে বঞ্চিতদের সমর্থকরা। মির্জা ফখরুল তালিকা প্রকাশ করে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিবাদী স্লোগান দেয় বঞ্চিতদের সমর্থকরা৷


