পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সারাদেশে নৌকার গণজোয়ার আছড়ে পড়ছে।’ শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ক্রীড়া ব্যক্তিত্বের সবাই বসে আছেন একটি চেতনাকে হৃদয়ে ধারণ করে। এভাবেই সারাদেশে নৌকার গণজোয়ার আছড়ে পড়ছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের প্রচারাভিযান উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ক্রীড়া ব্যক্তিত্বের সবাই বসে আছেন একটি চেতনাকে হৃদয়ে ধারণ করে। আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গন এখন মরা গাঙ নয়। সারাদেশের নৌকার যে গণজোয়ার, তা আছড়ে পড়ছে সাংস্কৃতিক অঙ্গনে। নবমুকুটে তারা আবার পরাজিত করবে সাম্প্রদায়িক অপশক্তিকে।’
নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এই প্রচণ্ড রোদের মধ্যে আপনারা বসে আছেন, এটা একটা চেতনার বিষয়, আদর্শের বিষয়। এই আদর্শ, চেতনা, মূল্যবোধ আপনাদের এখানে বসিয়ে রেখেছে। এতে বোঝা যায় আগামী নির্বাচনে আমরাই বিজয়ী হবো।’
ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছি। এবার ২০১৮ সালে আমরা শপথ নেবো, একাত্তরের পরাজিত শক্তি যারা আজও আছে এই বাংলার মাটিতে, সাম্প্রদায়িক অপশক্তি, যার নেতৃত্বে রয়েছে মুক্তিযোদ্ধা ‘বাই চান্স’ জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপি। এই দল খুনিদের দল, দুর্নীতিবাজদের দল, যারা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আজকে এই দলের নেতা পলাতক, সাজাপ্রাপ্ত আসামি। আজকে কামাল হোসেন, মোস্তফা মহসিন মন্টু, কাদের সিদ্দিকীর নেতৃত্ব দিচ্ছে লন্ডন থেকে খুনি, দুর্নীতিবাজ তারেক রহমান। সে একসময়ের হাওয়া ভবনের যুবরাজ। আগামী নির্বাচনেই পরিষ্কার হয়ে যাবে জনগণ শেখ হাসিনার উন্নয়নের পক্ষে থাকবে নাকি খুনি, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক শক্তির পক্ষে থাকবে।’
এদিকে সারাদেশে নৌকাডুবির আওয়াজ উঠেছে টের পেয়েই নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে সরকার বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, নৌকার পতনের ক্ষণগণনা চলছে। এজন্যই সরকার ভোট থেকে পালানোর নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নির্বাচনে অংশগ্রহণে চরম দুশ্চিন্তায় পড়ে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এজন্যই প্রশাসনকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার অশুভ চেষ্টা চালাচ্ছে সরকার।


