পাথেয় রিপোর্ট : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামে গৃহবধূ গণধর্ষণের ঘটনার মামলায় ৭নং আসামি আবুলকে তার স্ত্রীর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলার এজাহারভুক্ত ও ঘটনায় জড়িত থাকায় মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৭ জনের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
৬ জানুয়ারি রোববার বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায় গ্রেপ্তারকৃত আবুল মধ্যবাগ্যা গ্রামের সেরু মিয়ার ছেলে। চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, রোববার বিকেল ৫টার দিকে চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার এলাকায় আবুলের স্ত্রী স্থানীয়দের সহযোগিতায় আবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে বাকবির্তকের জের ধরে দরজা ভেঙে ভিকটিমের ঘরে প্রবেশ করে স্থানীয় সাবেক ইউপি সদস্য রুহুল আমিন বাহিনীর সদস্য সহেল, স্বপন, চৌধুরী, বেচুসহ ১০ জন। এসময় তারা ঘরে ভাঙচুর করে ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিনকে মারধর ও ৪ সন্তানকে বেঁধে রেখে ভিকটিমকে উঠানে নিয়ে কাপড় দিয়ে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ ও হত্যা চেষ্টা করে। পরে এ ঘটনায় ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।


