নতুন শপথে এগিয়ে যাক বাংলাদেশ

নতুন শপথে এগিয়ে যাক বাংলাদেশ

মাসউদুল কাদির : টানা তৃতীয় এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের মাটি ও মানুষের আবেদনকে সম্মান জানিয়ে তিনি আবারও গ্রহণ করেছেন দেশের অভিভাবকত্ব। সমৃদ্ধ দেশ উপহারের ফলে আবারও বিপুল ভোটে তিনি জয়লাভ করে মন্ত্রিসভা গঠন করেছেন। এবার কেবলই কাজ আর কাজ।

নতুন শপথে বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাবে এবার বাংলাদেশ। অদম্য শক্তিতে, মুক্তিযুদ্ধের চেতনায় ও বাঙালি জাতির আশা পূরণে আওয়ামী লীগের দায়িত্ব অনেক। বাংলাদেশের মানুষ বুক বেঁধে আশায় আছে, মানুষ জীবনমানের পরিবর্তন চায়। চায় শান্তিতে, প্রশান্তিতে বসবাস। সোমবার বিকাল পৌনে ৪টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ শেখ হাসিনাকে শপথ পড়ান। এরপরে অপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মোট ৪৬ জন এবারের মন্ত্রিসভায় রয়েছেন।

আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে মন্ত্রীরা শপথ নিলেও অনেকের মুখে মুখে ছিল চিন্তার ছাপ। মন্ত্রিসভায় তখনো পর্যন্ত জায়গা পাননি অনেকে। সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এবারের মন্ত্রিসভায় ৩১ জন নতুনভাবে এসেছেন। তবে এবারের মন্ত্রিসভায় আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মতিয়া চৌধুরীর মতো নেতারা জায়গা পাননি। আরো বাদ পড়েছেন নুরুল ইসলাম নাহিদ, খন্দকার মোশাররফ হোসেন, আসাদুজ্জামান নূর, শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এ এইচ মাহমুদ আলীসহ আগের মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী।

২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ সালে গঠিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেন।
কেবল বাংলাদেশের মানুষেরাই নন, বিশে^র বরেণ্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। টানা তৃতীয় এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভিন্নভাবে মূল্যায়ন করছে বিশ^ মিডিয়া। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিপলস অ্যান্ড পলিটিকস বিশ্বের পাঁচ সরকার ও রাষ্ট্রপ্রধানকে চিহ্নিত করেছে যারা দুর্নীতিগ্রস্ত নন, বিদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, গোপনে সম্পদ গড়েননি। বিশ্বের সবচেয়ে সৎ এই পাঁচজন সরকারপ্রধানের তালিকায় তৃতীয় স্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রভাবও পড়েছে এবারের নির্বাচনে। বিপুল ভোটে জয় তুলে নিয়ে নতুনভাবে সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের ভাগ্যাকাশে উন্নয়নের নতুন পালক যুক্ত হোক। গড়ে ওঠুক নতুন বাংলাদেশ-প্রত্যাশা এটাই। অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অভিন্দন নতুন শপথে বলীয়ান নতুন মন্ত্রীদের। শুভ কামনা নিরন্তর।

লেখক : ভাইস প্রেসিডেন্ট, আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *