আফগান সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ১২৬

আফগান সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ১২৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে সামরিক ঘাঁটি ও পুলিশ ট্রেনিং সেন্টারে তালেবানের হামলায় ১২৬ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। সোমবার ওয়ারদাক প্রদেশের রাজধানী মাইদান শাহরে শহরে এই হামলার ঘটনা ঘটে। আফঘানিস্তানের এক প্রতিরক্ষা কর্মকর্তার সূত্রে জানিয়েছে রয়টার্স।

সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ময়দান ওয়ারদাকের রাজধানী ‘ময়দান শাহরে’ এই হামলা হয়। ঘটনাস্থলের ছবিতে বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় পুরো একটি ভবন ধসে পড়েছে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “সেনা প্রশিক্ষণ সেন্টারের ভেতর গাড়ি বোমা হামলায় ১২৬ জন নিহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। নিহতদের মধ্যে আটজন ‘স্পেশাল কমান্ডো’ রয়েছেন বলেও জানতে পেরেছি।”

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, সোমবার সকালে হামলাকারীরা বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে একটি সেনা চেকপোস্ট মাড়িয়ে ন্যাশনাল ডিরেক্টোরেট অব সিকিউরিটির (এনডিএস) প্রশিক্ষণ ক্যাম্পাসে সেটির বিস্ফোরণ ঘটায়।

এর আগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি বলেন, হামলায় ১২ জন নিহত হয়েছে। তিনি জানান, অত্যন্ত পরিকল্পিত হামলাটি শুরু হয় স্থানীয় সময় সকাল ৭টায়। হামলাকারীরা সামরিক ঘাঁটিটির গেটে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়।

আফগান স্বাস্থ্য বিভাগের আঞ্চলিক প্রধান সালেম আসখায়েল জানিয়েছেন, আহতদের প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের কাবুলের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এ হামলার মাত্র একদিন আগে লগোর প্রদেশে তালেবানের হামলায় ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়।

মাইদান শাহরে শহরটি কাবুল থেকে ৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। এর পাশেই রয়েছে গজনী-কাবুল গুরুত্বপূর্ণ মহাসড়ক। কাবুলের এত কাছে তালেবান এভাবে রক্তগঙ্গা বইয়ে দিতে সমর্থ হওয়ায় নড়েচড়ে বসেছে মার্কিন সমর্থিত কাবুলের আফগান সরকার।

গত এক বছর ধরে আফগানিস্তানে হামলা জোরদার করেছে তালেবান। মার্কিন সামরিক মিশনের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির অর্ধেকের বেশি অঞ্চল তালেবানের দখলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *