পাথেয় রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ১৫ বাড়িতে র্যাবের সাড়ে চার ঘণ্টার অভিযান শেষ হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর রাত ৩টা এ অভিযান শুরু হয়। সকাল ৮টায় রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম এ অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।
পরে প্রেস ব্রিফিংয়ে মাহবুবুল আলম বলেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলা মামলার ২/৩ জন আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে অবস্থান করছে।এমন সংবাদে মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে র্যাব সদস্যরা ওই গ্রামের ১৫/২০টি বাড়ি ঘিরে ফেলে। সকাল ৮টা পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে কাউকে পায়নি র্যাব।
জিজ্ঞাসাবাদের জন্য আটক মনিরুল জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের কোফিল উদ্দিনের ছেলে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।


