অস্বাস্থ্যকর খাবার এবং সচেতনতা (১ম পর্ব)

অস্বাস্থ্যকর খাবার এবং সচেতনতা (১ম পর্ব)

অস্বাস্থ্যকর খাবার এবং সচেতনতা

মো. মিজানুর রহমান পলাশ : নাগরিকের পাঁচটি মৌলিক অধিকারের একটি হলো খাদ্যের অধিকার। নিরাপদ খাদ্যের নিশ্চয়তা এর মধ্যেই পড়ে। বেঁচে থাকার জন্য খাদ্য জরুরি হলেও তার চেয়ে বেশি জরুরি নিরাপদ খাদ্য। কেননা, খাদ্য ও স্বাস্থ্য একটি আরেকটির পরিপূরক। টেকসই জীবন ও সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই। অনিরাপদ খাদ্য স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ। ডায়রিয়া থেকে শুরু করে ক্যান্সারসহ দুই শতাধিক রোগের জন্য দায়ী অনিরাপদ খাদ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতিবছর বিশ্বে প্রায় ৬০ কোটি মানুষ দূষিত খাবার খেয়ে অসুস্থ হয়। প্রতিবছর মারা যায় প্রায় ৪ লাখ ৪২ হাজার মানুষ। এছাড়া, ৫ বছরের চেয়ে কম বয়সী শিশুদের ৪৩ শতাংশ অনিরাপদ খাবারজনিত রোগে আক্রান্ত হয়, যার মধ্যে প্রতিবছর মারা যায় ১ লাখ ২৫ হাজার শিশু।

রাজধানী ঢাকাসহ বড় বড় শহরের ফুটপাতে, জনাকীর্ণ এলাকায় খোলা আকাশের নীচে অথবা ছাউনি টানিয়ে প্রচুর খাবারের দোকান দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে পথচারীদের আকৃষ্ট করা হয়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বেশি দেখা যায় এসব রকমারী খাবারের দোকান। পথচারী এবং শিশুরা কখনো ক্ষুধা নিবৃত্ত করার জন্য আবার কখনো চটকদার খাবারে আকৃষ্ট হয়ে দাম কম মুখরোচক রাস্তার খাবার বা স্ট্রিট ফুড খেয়ে থাকেন। শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণির মানুষের পছন্দ হলেও স্বাস্থ্যের জন্য নানা ঝুঁকি তৈরি করে এসব রাস্তার খাবার। চিকেন ফ্রাই, নুডলস, বার্গার, ফ্রাইড রাইসের মতো বিলাসবহুল লোভনীয় খাবারের পসরা সাজিয়ে রাস্তায় বসেন অনেক বিক্রেতা। আর দৃষ্টিনন্দন এসব খাবারে আকৃষ্ট হয়ে খাচ্ছেন ভোক্তারাও। কোথায়, কীভাবে তৈরি হয় এসব খাবার, তার খোঁজ কেউ রাখে না। আবার অনেকে নিরুপায় হয়ে এসব খাবার খায়। তৈরির উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে এসব খাবার। কোনো সতর্কতামূলক ব্যবস্থা রাখা তো দূরের কথা ভোক্তাদের ভাবনায়ই নেই এসব বিষয়।

রাস্তায় তৈরি ও পরিবেশিত খাবারকে স্ট্রিট ফুড বা রাস্তার খাবার বলা হয়। সস্তা, সহজলভ্য, মুখরোচক খাবার হিসেবে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে স্ট্রিট ফুড (রাস্তার খাবার) বেশ জনপ্রিয়। উন্নত দেশের স্ট্রিট ফুড স্বাস্থ্যসম্মত, উপাদেয় ও আকর্ষণীয় হয়। আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে রাস্তায় যেসব খাবার তৈরি ও বিক্রি হয় তা বেশিরভাগই বিশুদ্ধ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নয়। খেতে মুখরোচক হলেও এসব স্ট্রিট ফুড অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত ও পরিবেশিত হয় বলে তা বিভিন্ন জটিল ও মারাত্মক রোগ সৃষ্টি করে। খোলা আকাশের নিচে, উন্মুক্ত অবস্থায় তৈরি ও বিক্রি করা খাবার পোকামাকড় ও মাছি দ্বারা দূষিত হয়। বাতাসে ভাসমান ধুলা-ময়লাও এতে পড়ে।

সাধারণত সস্তা, তৈলাক্ত ও ঝাল হওয়ার কারণে রাস্তার খাবারের বেশ কদর রয়েছে সব শ্রেণিপেশার মানুষের কাছে। এ ধরনের খাবার খেলে মানুষ যেসব রোগে আক্রান্ত হতে পারে তার মধ্যে রয়েছে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিসসহ বিভিন্ন সংক্রামক রোগ, আলসার ইত্যাদি। এছাড়া হূদরোগ, কিডনি সমস্যাসহ ক্যানসারের মতো মারাত্মক রোগেও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বলে চিকিৎসকগণ মনে করেন। বিশেষজ্ঞদের মতে, রাস্তায় তৈরি এসব খাবার স্বাস্থ্যকর করতে দোকানি ও সাধারণ মানুষকে যেমন সচেতন হতে হবে, তেমনি এসব খাবারের মান নিশ্চি করতে নজরদাড়ি বাড়াতে হবে।

লেখক : কলামিস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *