সরকারি চাকরিতে জামায়াত সন্তানদের না
সাতক্ষীরা প্রতিনিধি : জামায়াতে ইসলামী সদস্যদের সন্তানদের সরকারি চাকুরিতে দেয়া হবে না বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, জামায়াতকে সাংগঠনিকভাবে শুধু নিষিদ্ধই নয়, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। তাদের ছেলে-মেয়েরাও যাতে সরকারি চাকরি না পায়, তার ব্যবস্থা করা হবে।
বুধবার সাতক্ষীরায় জেলা সদরসহ মোট সাতটি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এসব বলেন।
সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনের পর মন্ত্রী একে একে আশাশুনি, দেবহাটা, কলারোয়া, শ্যামনগর, তালা ও কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করেন।
জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আ.ক.ম মোজাম্মেল হক বলেন,জননেত্রী শেখ হাসিনা দেশের মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি’।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও সাংসদ আ.ফ.ম রুহুল হক, সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, সাংসদ জগললু হায়দার, জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. মইনুল হক আনছার, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি প্রমুখ।


