বন্দুকযুদ্ধে টেকনাফে দুই মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধে টেকনাফে দুই মাদক ব্যবসায়ী নিহত

পাথেয় রিপোর্ট : কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি। সোমবার (২৮ জানুয়ারি) ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ইয়াবার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এ বন্দুকযুদ্ধ ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে দুইটি দেশিয় তৈরি অস্ত্র ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই ব্যবসায়ী হলেন, রুবেল ও রফিক।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’র খবর পেয়ে স্থানীয়রা থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় দু’টি মরদেহ পড়ে আছে। এ সময় আশেপাশে তল্লাশি করে দুইটি দেশিয় তৈরি অস্ত্র ও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

এদিকে কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাবিবুর রহমান হুব্বা (৫০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ৮শ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে।

কুষ্টিয়া মডেল থানার এসআই মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি নাসির উদ্দিনের কাছে খবর আসে ক্যানেলপাড়ায় এক দল মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’পাশ থেকে মাদক ব্যবসায়ীরা গুলিবর্ষণ করে। এতে পুলিশও পাল্টা জবাব দিলে তারা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের চার সদস্য আহত হন বলে পুলিশ জানিয়েছে। তিনি বলেন, পরে খোঁজ নিয়ে জানা যায় নিহত ব্যক্তি শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হুব্বা। তিনি আড়ুয়াপাড়া ছোট ওয়ারলেস এলাকার সিরাজ মালিথার ছেলে। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *