ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের নিহত ৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের নিহত ৩

পাথয়ে রিপোর্ট : ময়মনসিংহের সদর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও দুইজন।

জেলার কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার আলালপুর গ্রামের ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এয়েন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ (৬৫), তার স্ত্রী সাহারা খাতুন (৫৫) ও তাদের ছেলে শফিকুল ইসলাম।

জানা যায়, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ওসি বলেন, হামিদ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে শেরপুর থেকে প্রাইভেটকারে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এদিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরবাড়ি এলাকায় সোমবার বাস, ট্রাক ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। নিহতরা হলেন- ট্রাক চালক আলামিন (২২) ও হেলপার হাফিজুর রহমান (২০)। আর আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক স্থানীয় আমিরাবাড়ি এলাকায় ইউটার্ন নেয়ার সময় ত্রিশাল থেকে ভালুকাগামী গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস সজোরে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। একই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী আরেকটি মিনি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এ সময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। পরে আহতদের মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও সাতজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *