পাথেয় রিপোর্ট : মাদক আইনের যেসব মামলায় আদালত ইতোমধ্যে অভিযোগপত্র আমলে নিয়েছে আগামী ছয় মাসের মধ্যে সেসব মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাদক সংক্রান্ত এক মামলার আসামির জামিন শুনানিতে এমন আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। আদালতে ওই আসামির পক্ষে ছিলেন আইনজীবী মো. ফজলুর রহমান।
ইউসুফ মাহমুদ মোর্শেদ সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ১ ডিসেম্বর মাদারীপুরে রাজৈরের জনৈক মিজানুর রহমান বাড়ৈকে ৬০০ ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই দিন থেকে তিনি কারাগারে আছেন। ওই মামলায় এখন পর্যন্ত কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। এ আবেদনে শুনানিকালে বিচারিক আদালতে অভিযোগ আমলে নেওয়া মাদকের মামলা ছয় মাসের মধ্যে নির্দেশ দিয়েছে আজ হাইকোর্ট।
‘ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসি ও তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে তাদের জবাবদিহীতার আওতায় আনতে বলা হয়েছে।’
উচ্চ আদালতের এ আদেশ সংশ্লিষ্ট আদালত, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রতি জারি করতে রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আদালত আসামি মিজানুরকেও জামিন দিয়েছেন।

