পাথেয় রিপোর্ট : জয়পুরহাটে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার ( ৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রশ্নপত্র ফাঁস চক্রের আটক চার সদস্য হলেন- জয়পুরহাট সদরের খঞ্জনপুর এলাকার বিলাস দাসের ছেলে ধ্রুব দাস (১৭), সাইফুল ইসলামের ছেলে আরমান অভি (১৭), রতন খন্দকারের ছেলে অর্ণব খন্দকার (১৬), বিকাশ দাসের ছেলে দ্বীপ দাস (১৬)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অপারেশন দল কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যরা শহরের বৈরাগীর মোড় এলাকায় অভিযান চালায়। রৈরাগীর মোড় এলাকা থেকে প্রথমে ২ জনকে আটক করা হয়। পরে তাদের তথ্য অনুযায়ী আরও ২জনকে আটক করা হয় এবং এই চক্রটি বিভিন্ন অনলাইন গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করে কিছু বিকাশ এজেন্সির মাধ্যমে অর্থ সরবরাহ করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে ভুয়া একাউন্ট খুলে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্যকে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন।


