বন্দুকযুদ্ধে কুষ্টিয়ায় যুবক নিহত

বন্দুকযুদ্ধে কুষ্টিয়ায় যুবক নিহত

পাথেয় রিপোর্ট : কুষ্টিয়ায় সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার গড়াই নদীর চরে ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল মালিথা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নাজমুল নিহত হন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার গড়াই নদীর চরের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত নাজমুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার মিরাজ মালিথার ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার গড়াই নদীর বালুচরে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। এমন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুপাশ থেকে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে।

এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুরুতর আহতাবস্থায় নাজমুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খোঁজ নিয়ে জানা যায় নিহত নাজমুল জেলার শীর্ষ মাদক ব্যাবসায়ী।

তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেছেন ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *