পাথেয় রিপোর্ট : পঞ্চগড়ে ছেলেকে রক্ত দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা। জানা যায়, পঞ্চগড়ে ট্রাক চাপায় শামসুল হক (৬০) নামে এক বৃদ্ধের নিহত হয়েছেন। রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হকের বাড়ি জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকায়।
স্থানীয়রা জানায়, রোববার সকারে শামসুল হক তার ছেলে পশিরুল ইসলামকে রক্ত দেওয়ার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তার ছেলে রক্তশূন্যতায় ভুগছিলেন। ছেলের জন্য রক্ত জোগাড় করে তিনি দুপুরে নামাজ পড়তে যান। নামাজ শেষে হাসপাতালে ফেরার জন্য হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি পাথর ভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটিকে আটক করে পুলিশ।


