জামায়াতকর্মীদের ভুল ভাঙা একটি শুভ লক্ষণ : আল্লামা মাসঊদ

জামায়াতকর্মীদের ভুল ভাঙা একটি শুভ লক্ষণ : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : একাত্তরে জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধ ও নৃশংস হত্যাকাণ্ড বিষয়ে নিজেদের ভুল ভাঙাকে একটি শুভ লক্ষণ আখ্যা দিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, পাকিস্তানী হায়েনাদের কাঁধে কাঁধ মিলিয়ে জামায়াতকর্মীরা এ দেশের মানুষের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল একাত্তরে।

জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট আইনজীবী আবদুর রাজ্জাককে অভিনন্দন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, দেরীতে হলেও নিজের ও দলের ভুল বুঝতে পারায় আমরা তাকে অভিনন্দন জানাই। কেবল একাত্তরের নৃশংসতা নয় ধর্মীয় বিষয়ে জামায়াতের যে অপপ্রচার আছে, নবী রাসূলদের নিয়ে অপব্যাখ্যা আছে সবকিছুর বিরুদ্ধে তাদের মুখ খুলতে হবে।

সাহাবায়ে কেরাম ও নবী-রাসূলদের বিরুদ্ধে মওদুদী ও জামায়াতে ইসলামীর লেখকগণ সবচেয়ে বেশি সমালোচনা করেছে দাবি করে আল্লামা মাসঊদ বলেন, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। নবী-রাসূলদের সমালোচনা করার তো প্রশ্নই ওঠে না। আল্লাহর কাছে তারা নির্বাচিত। জামায়াতকে ধর্মীয় বিষয়েও জাতির কাছে ক্ষমা চেয়ে সুপথে ফিরে আসতে হবে।

১৭ ফেব্রুয়ারি ২০১৯ রোববার দুপুরে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান এক বিবৃতিতে এসব কথা বলেন।

বাংলাদেশ জমিয়তুল উলামার প্রেস উইন মাওলানা মাসঊদুল কাদির স্বাক্ষরিত এ প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুদ্ধকালীন জামায়াতের ভূমিকা সম্পর্কে দায়দায়িত্ব গ্রহণ করে ক্ষমা চাওয়ার যে পরামর্শ দিয়েছেন আইনজীবী আবদুর রাজ্জাক তা অত্যন্ত সময়োচিত একটি প্রস্তাব উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, জামায়াত সবসময় ভুলপথে ছিল। মুক্তিযুদ্ধে দেশের বিরুদ্ধে তাদের অবস্থান থাকলেও সে চিন্তাধারার আলোকেই তারা এ দেশে রাজনীতি করছে। জামায়াতের সবসদস্যদেরই আবদুর রাজ্জাকের মতো ভুল ভাঙা উচিত।

জামায়াতের তরুণ কর্মীদের উদ্দেশ্য করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, যার শরীরে এই বাংলাদেশের রক্ত। সে কীভাবে দেশ ও মুক্তিযুদ্ধবিরোধী একটি সংগঠনে থাকে? আপনারা ফিরে আসুন, সত্য ও সুন্দরের পথে। তরুণদের শক্তিকে বাংলাদেশ গড়ার পেছনে ব্যয় করতে হবে।

আকাবির উলামায়ে কেরাম সবসময় মওদুদী চিন্তা ও জামায়াতে ইসলামীর আদর্শের বিরোধিতা করেছেন দাবি করে আল্লামা মাসঊদ বলেন, নবী-রাসূল সমালোচনাকারীদের সঙ্গে দ্বীনদরদি মানুষ কখনোই থাকতে পারে না। জামায়াতে ইসলামীর ছায়া থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *