পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার পাক বাহিনীর ওপর হামলা। কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় বাহিনীর ওপরে আত্মঘাতী হামলার তিন দিনের মধ্যেই বালুচিস্তানে আক্রান্ত হল পাকিস্তান সেনার কনভয়।
রবিবার বালুচিস্তানে পাক সেনার কনভয়ে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, হামলায় অন্তত ৯ পাক সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১১ সেনা সদস্য।
গত বৃহস্পতিবার বিকালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৯ জন ভারতীয় সিআরপিএফ জওয়ান নিহত হন। ওই ঘটনার মাত্র তিনদিন পর পাকিস্তানি সেনা বহরে হামলা হলো।
দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অভিযোগ বালুচিস্তানে জঙ্গি কার্যকলাপের পিছনে ভারতের মদত রয়েছে।
রবিবার বিপুল অভ্যর্থনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বরণ করে পাকিস্তান। পাকিস্তানে সালমান পৌঁছনোর কয়েক ঘণ্টা আগে এই হামলায় পাকিস্তান অস্বস্তিতে পড়তে পারে বলে মত কূটনীতিকদের।
স্থানীয় সংবাদমাধ্যমর খবরে বলা হয়েছে, চীন- পাকিস্তান আর্থিক করিডরের উপরেই তুরবাত ও পঞ্জগুর এলাকার মধ্যে পাক সেনার কনভয়ে আত্মঘাতী হামলা হয়।
বালুচ জঙ্গিদের সংগঠন ব্রাসের মুখপাত্র বালোচ খানের দাবি, ‘আমাদের সংগঠনের সদস্যেরা পাক সেনার টহলদারি দল ও একটি শিবিরে একইসঙ্গে হামলা চালিয়েছে।’
বালুচ জঙ্গিরা পাকিস্তানের পাশাপাশি চীন-পাকিস্তান করিডরেরও তীব্র বিরোধী।
২০০৪ সালে চীনের সহযোগিতায় তৈরি গদর বন্দরে জঙ্গি হামলায় তিন চিনা ইঞ্জিনিয়ার নিহত হন। সেই ঘটনাতেও ভারতের দিকে আঙুল তুলেছিল পাকিস্তান।
দ্যা বেলুচিস্তান পোস্টের বরাত দিয়ে নিউজ এইট্টিন জানায়, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচ রিপাবলিকান গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানে পৌঁছার কয়েক ঘণ্টা আগে এই হামলা হয়।
কাশ্মীরে হামলার ঘটনায় গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে পাকিস্তানের সেনা বহরে হামলার ঘটনা দেশ দুটির পারস্পরিক সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।


