ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকধারীর হামলা, নিরাপদে টাইগাররা
নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলা, নিরাপদে টাইগাররা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবাক ও বিস্ময়কর হলেও কোনো কারণ ছাড়াই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে একটি মসজিদে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পবিত্র জুমার সালাত আদায় করার জন্য ক্রাইস্টচার্চ শহরের আল নুর মসজিদে সবাই একত্র হয়েছিল। এ ঘটনায় চলছে বিশ্বজুড়ে নিন্দা। বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদও তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মসজিদ হলো সবচেয়ে পবিত্র স্থান। মসজিদে হামলা মানে সন্ত্রাসীরা কোথাও শান্তি চায় না। এ জন্য বিশ্ব মোড়লদের চুপ করে বসে থাকলে চলবে না।
মার্কিন বার্তা সংস্থা থমস রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হামলায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে কোনো সংখ্যা বলা হয়নি।
এদিকে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দল এখন ক্রাইস্টচার্চ শহরে অবস্থান করছেন। দুপুরে হেগলি ওভাল মাঠে অনুশীলন শেষে তাদের সেই মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার কথা ছিল।
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দলের সদস্যরা ঘটনাস্থলের খুব কাছেই ছিলেন। তবে তাঁরা সবাই নিরাপদে রয়েছেন।
শনিবার এই হেগলি ওভাল মাঠে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ দলের ব্যবস্থাপক খালেদ মাসুদ পাইলটও সব ক্রিকেটারদের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলের সদস্যদের সবাই হোটেলে ফিরে এসেছেন। তাদের হোটেল থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্রাইস্টচার্চের শহরতলী লিনউডের মসজিদেও সশস্ত্র পুলিশ অবস্থান নিয়েছে। হেগলি পার্ক এলাকা ও আশপাশের লোকজনকে বাড়ি থেকে বের হতে মানা করা হয়েছে। এই পার্কের সামনের ডিয়েন অ্যাভিনিউয়ে আল নুর মসজিদটি অবস্থিত।
পুলিশ কমিশনার মাইক বুশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সেখানকার স্কুল ও চার্চ বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে। আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তাঁরা সেখানে কয়েকটি লাশ পড়ে থাকতে দেখেছেন। কিছু লোকজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। তবে হতাহতের বিষয়টি এখনও পুলিশ বা শহর কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
মোহন ইব্রাহিম নামের এক প্রত্যক্ষদর্শী নিউজিল্যান্ড হ্যারাল্ডকে বলেন, ‘প্রথমে ভেবেছিলাম বিদ্যুতিক কোনো বিভ্রাটের কারণে বোধ হয় এরকম শব্দ হচ্ছে। কিন্তু পরক্ষণেই দেখলাম লোকজন দৌড়াতে শুরু করেছে। সেখানে আমার এক বন্ধুও ছিল। তাঁকে ডাকলেও কোনো সাড়া পাইনি। আমি তাঁর জন্য চিন্তিত।’
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বন্দুকধারীকে পালিয়ে যেতে দেখেছেন তাঁরা।
বাংলাদেশ দলের ক্রিকেটার তামিম ইকবাল হোটেলে ফিরে এক টুইটবার্তায় বলেছেন, ‘আমাদের পুরো দল বন্দুকধারীদের কাছ থেকে নিরাপদ ছিলো।’
এই ঘটনাকে একটি ভয়ানক অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন বাংলাদেশ দলের এই ক্রিকেটার এবং দেশবাসীর কাছ থেকে দোয়া চেয়েছেন।
সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘ক্রাইস্টচার্চ মসজিদে হামলার সময় আল্লাহ আজ আমাদের রক্ষা করেছেন…আমরা অত্যন্ত ভাগ্যবান।’
শনিবার এই হেগলি ওভাল মাঠে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নুর মসজিদে এক বন্দুকধারী হামলা চালায়। এতে অনেকেই নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি বলছে, এতে ছয়জন নিহত হয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কিছু বলা হয়নি।


