সোনারগাঁ প্রতিনিধি :: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিন্নিপাড়া গ্রামে গত বুধবার একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া গ্রামের আল আমিনের সঙ্গে একই গ্রামের আনোয়ার হোসেনের পাওনা টাকা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার দুজনের মধ্যে বাকবিত-া হয়। এর জের ধরে আল-আমিনের নেতৃত্বে অলিদ মিয়া, ইয়াছিন মিয়া, নাহিদ মিয়া সহ ৮/১০ জনের একদল বাহিনী রামদা, লাঠি ও লোহার রড সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আনোয়ার হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
পরে তার আর্তচিৎকারে তাকে বাঁচাতে এগিয়ে এলে তার মা হাফিজা বেগম, বোন শাকিলা আক্তার, স্ত্রী ঝরনা বেগমকেও পিটিয়ে আহত করে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেনের ভাই আনিছুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।


