পাথেয় রিপোর্ট : কওমী মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি দেওয়ার কথা বলে বিএনপি-জামায়াত কওমীদের ব্যবহার করেছে মন্তব্য করে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ বলেছেন, কওমী মাদরাসায় যারা পড়াশোনা করে তারা প্রচুর জ্ঞান অর্জন করে। যা অন্য কোন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভব হয় না। বিএনপি-জামায়াত-শিবির চক্র কওমী সনদ দেওয়ার কথা বলে কওমীদের সবসময় ব্যবহার করেছে। তারা কওমী সনদের নামে মুলা ঝুলিয়ে রেখেছিল।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে পটিয়া আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দাওরায়ে হাদীসের সমাপনী পাঠদান অনুষ্ঠান উপলক্ষে ৯৮তম খতমে বোখারী শরীফ ও এজলাহী জোড়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
কওমী মাদরাসার শিক্ষার্থীদের প্রশংসা করে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, ছোটবেলায় কওমী মাদ্রাসায় পড়াশোনা করে তিনিও দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছেন। তিনি বলেন, মন্ত্রীত্ব পাওয়ার পর দশটি কওমী মাদরাসা পরিদর্শনের পরিকল্পনা নিয়েছিলেন। তার অংশ হিসেবে জিরি মাদ্রাসায় দাওরায়ে হাদীসের সমাপনী পাঠদান ও খতমে বোখারী শরীফে অংশগ্রহণ করেছেন। আর খতমে বোখারী শরীফে যারা অংশগ্রহণ করেন, তারা আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ্ দ্রুত কবুল করেন।
অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ বলেন, স্বাধীনতাত্তোর কোন সরকার কওমী সনদের স্বীকৃতি দেয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কওমী সনদের স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী একজন দ্বীনদার পরহেজগার নারী। তিনি কওমী আক্বীদাভূক্ত, তাই কওমী আক্বীদার আলেমদের ভালোবাসেন।
মাদরাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম। মাদ্রাসা পরিচালক মাওলানা খোবাইবের পরিচালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মীর গ্রপের চেয়ারম্যান আবদুস ছালাম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন খাঁন, রাজশাহী দারুল উলুম হেদায়া মাদ্রাসার পরিচালক আল্লামা শরিফ উদ্দিন, ফুলকলির পরিচালক জহির উদ্দিন, আল বারাকা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক, আজিমুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন পটিয়া আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব।
পা.টো.ড/আদিল


