পাথেয় রিপোর্ট : উগ্র সন্ত্রাসবাদের চক্রে আটকে গেছে বিশ্ব বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শুক্রবার (২৯ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুক হামলায় নিহতদের স্মরণে জাতীয় শোকসভায় তিনি বলেন, বিশ্ব এখন উগ্র সন্ত্রাসবাদের চক্রে আটকে গেছে। পাল্টা সন্ত্রাস নয়, মানবতার মাঝেই এর সমাধান। মানবতার আলোতেই দূর হবে বর্ণবাদ-সন্ত্রাস।
ক্রাইস্টচার্চে নিহতদের জাতীয়ভাবে স্মরণ করতে বিশাল শোকসভার আয়োজন করে নিউজিল্যান্ড সরকার। এ উপলক্ষে আক্রান্ত অন্যতম মসজিদ আল নূরের বাইরে হ্যাগলি পার্কে জড়ো হন ২০ হাজারের বেশি মানুষ। এ সময় মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে স্মরণসভায় উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী জাসিন্ডাসহ পুরো মন্ত্রিপরিষদ।
উপস্থিত জনতাকে উদ্দেশে করে জেসিন্ডা বলেন, আমরা ঘৃণা, ভয় ও অন্যান্য ভাইরাস থেকে মুক্ত নই। কখনও ছিলাম না। কিন্তু আমরা একটা জাতি হিসেবে এ রোগ নিরাময় করতে পারি। তিনি বলেন, উন্নত জীবন এবং পরিবারকে নিরাপত্তা দেয়ার জন্যেই এসব মানুষ নিউজিল্যান্ডে এসে ছিলেন। নিহতরা আসলে আমাদেরই অংশ। তাদের স্মৃতি দায়িত্ববোধ বাড়িয়ে দিল। নিউজিল্যান্ডকে বৈচিত্র্যপূর্ণ-ধৈর্যশীল রাষ্ট্র হিসেবে ধরে রাখার দায়ভার এখন বাকিদের। এখানে সন্ত্রাসবাদ, ধর্ম-বর্ণ বিদ্বেষ, চরমপন্থা, সহিংসতার কোনো স্থান নেই। প্রত্যেকে নিজের অভিমত, ধর্মীয় মতাদর্শ প্রকাশের সুযোগ পাবেন।
প্রার্থনার পাশাপাশি গান, স্মৃতিকথার মাধ্যমে স্মরণ করা হয় ক্রাইস্টচার্চ হামলায় নিহত ৫০ জনকে।


