পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে চলছে জাতীয় লোকসভা নির্বাচন। নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী আসামের করিমগঞ্জ-হাইলাকান্দি মাওলানা বদরুদ্দিন আজমলের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ‘এআইইউডিএফ’ কর্মকর্তারা। দলের বিভিন্ন শাখা সমগঠনের কর্মকর্তারা ভোটের পর থেকে জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও নিরব ছিলেন এআইইউডিএফ-এর কেন্দ্রীয় সভাপতি আলী হুসেন মিরা।
কেন্দভিত্তিক প্রাপ্ত ভোটের হিসাব মিলানের পর শনিবার (২৭ এপ্রিল) আসামের আলগাপুর বাজারে সাংবাদিক সম্মেলনে রাধেশ্যাম বিশ্বাসের জয় জোর গলায় দাবি করেন আলী হুসেন মিরা। তিনি বলেন, এআইইউডিএফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা। করিমগঞ্জ ও হালিকান্দি জেলা থেকে এআইইউডিএফ প্রার্থী এক লক্ষেরও অধিক ভোট পেয়ে জয়ী হবেন বলে দাবী করেন তিনি।
এআইইউডিএফ-এর কেন্দ্রীয় সভাপতি বলেন, করিমগঞ্জে এবারও গণতন্ত্রের জয় হবে। কংগ্রেসকে নির্বাচনে মানুষ কেন পাত্তাই দেয়নি। তিনি বলেন, এআইইউডিএফ-এর সঙ্গে কংগ্রেস প্রতারণা করার জবাব দিয়েছেন ভোটাররা। বিজেপি প্রার্থী কৃপনাথ মালাহর সঙ্গে রাধেশ্যাম বিশ্বাসের প্রতিদ্বন্দ্বীতা হবে। তবে বিজেপি প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে দ্বিতীয়বারের মত সাংসদ নির্বাচিত হবেন রাধেশ্যাম। তিনি বলেন, এবার সমগ্র দেশে গণতন্ত্রের জয় হবে। সাম্প্রদায়িক বিজেপি ও মোদির বিরুদ্ধে ভোট দিচ্ছেন মানুষ।
করিমগঞ্জ-হাইলাকান্দির ভোটাদের ধন্যবাদ জানিয়ে আলী হুসেন মিরা বলেন, এআইইউডিএফ সব সময় সমবিকাশ-সমঅধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে লড়াই করে যাচ্ছে। এআইইউডিএফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস জনগণের পাশে আছেন, জনগণও ফের তাকে সাংসদ হিসেবে দেখতে চায়।
এআইইউডিএফ-এর কেন্দ্রীয় সভাপতি জানান, আসামের ধুবড়ি ও বরপেটা আসনেও এআইইউডিএফ-এর প্রার্থীরা দুই লক্ষের অধিক ভোটে জয়ী হবে হলে তার বিশ্বাস।
গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি কলম, পশ্চিম বাংলা


