রমজানে পণ্যমূল্য কমালে পরকালে প্রতিদান পাবেন : আল্লামা শফী

পাথেয় রিপোর্ট : পবিত্র মাহে রমজানে পণ্যমূল্য কমালে পরকালে প্রতিদান পাবেন জানিয়ে ব্যবসায়ীদেরকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, রোজাদারদের সম্মানে নিত্যপণ্য কমদামে বিক্রি করলে আল্লাহ পরকালে প্রতিদান দেবেন।

রোববার (৬ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা শফী বলেন, রমজান একটি অতিপবিত্র মাস। এ মাসের মর্যাদা আল্লাহ তায়ালার কাছে অন্য ১১ মাসের তুলনায় অনেক বেশি। এ মাসের একটি নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান। আর রমজানের একটি ফরজ অন্য মাসের সত্তরটি ফরজের সমান।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস এবং পুণ্য লাভের উদ্দেশে রোজা রাখবে, আল্লাহ তার পূর্ববর্তী পাপগুলো মোচন করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস এবং পুণ্য লাভের উদ্দেশে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তার পূর্ববর্তী পাপগুলো মোচন করে দেবেন।

আহমদ শফী বলেন, এ পবিত্র মাসে কোনো একজন রোজাদারকে ইফতার করালে রোজা রাখার সওয়াব বলে নবীজি ঘোষণা দিয়েছেন। কাজেই এমন পবিত্র মাসে ইবাদত-বন্দেগি করাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ এবং সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান তিনি।

সরকার ও প্রশাসনকে উদ্দেশ্য আল্লামা শফী বলেন, অনেক অসাধু ব্যবসায়ী নিম্নমানের পণ্যদ্রব্য এবং ভেজাল খাদ্য সরবরাহ করে মানুষের দুর্বলতার সুযোগে পুঁজিপতি হওয়ার স্বপ্নে বিভোর। এসব ব্যবসায়ীকে চিহ্নিত করুন।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা পবিত্র মাহে রমজান এবং রোজাদারদের সম্মানে যথাসম্ভব নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য কমদামে বিক্রি করার চেষ্টা করুন। এই পবিত্র মাসে আপনার এ প্রয়াস পরকালে মহান প্রতিদান হিসেবে আল্লাহ আপনাকে ফেরত দেবেন। তিনি বলেন, ইমানদাররা সবসময় আল্লাহর পুরস্কারের আশায় থাকেন। তাই পরকালের সঞ্চয়ের জন্য রমজান একটি বড় সুযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *