পাথেয় রিপোর্ট : সম্প্রতি দেশের প্রথম সারির জনপ্রিয় ফ্যাশন হাউজ ‘মেনজ ক্লাব’ মসজিদের ভেতরে ঈদের জন্য নতুন পণ্যের ফটোশুট করে বিতর্কের জন্ম দিয়েছে। তাদের এমন ফটোশুটের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বইছে সমালোচনার ঝড়।
ফটোশুটে দেখা যায় লাইট, ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার এবং সহকারীরা মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আছেন। সঙ্গে আছেন একজন নারীও। জানা গেছে, গত শুক্রবার (৩ মে) পুরান ঢাকার আরমানিটোলার ‘তারা মসজিদ’ এ এই ফটোশুটটি করা হয়। ক্যামেরার দায়িত্বে ছিলেন শাকিব মুহতাসিম। আর মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মাহবুব, নাহিদ প্রমুখ।
মেনজ ক্লাবের এ ধরনের ফটোশুট প্রসঙ্গে দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘এ ধরণের কাজ মসজিদের সঙ্গে বেয়াদবি। মসজিদ কর্তৃপক্ষের জন্য উচিত হয়নি তাদেরকে এ রকম কাজে সুযোগ দেয়া। ফ্যাশন শো’র মতো কাজের জন্য যারা মসজিদকে বেছে নেয় তাদের তওবা করা উচিত।’
মসজিদে মহিলা প্রবেশের বিষয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘আদবের সাথে মহিলারাও মসজিদে প্রবেশ করতে পারে। এতে কোন অসুবিধা নেই।’ তবে এ ধরণের কাজের ব্যাপারে ধর্মীয় কোন শাস্তির বিধান আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘ধর্ম অবমাননার যে শাস্তি এখানেও সেই শাস্তি হতে পারে। তবে আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না। সরকারের দায়িত্ব এগুলো মনিটর করা এবং এ ধরণের গর্হিত কাজের ব্যাপারে ফ্যাশন হাউজের লোকজনকে সতর্ক করা।’


