পাথেয় রিপোর্ট : রাজধানীর হাজীপাড়া ডিআইটি রোডে ইফতারের আগমুহূর্তে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা।
‘রমজানে দূ্রত্ব ভুলে কাছে টানুন’। ‘আলোকিত সমাজ গড়ি, আলিম জনতা ঐক্য করি’— স্লোগানকে সামনে রেখে পুরো রমজানজুড়ে পথ ইফতারের আয়োজন করেছে এই সামাজিক সংগঠনটি।
মঙ্গলবার (৭ মে) রাজধানীর হাজীপাড়া ডিআইটি রোডে পথচারীদের ইফতার বিতরণের মাধ্যমে এ শুভ উদ্যোগের সূচনা করা হয়।
বাংলাদেশ জমিয়তুল উলামার দফতর সম্পাদক মাওলানা অলীউল্লাহ মাসুদ বলেন, বর্তমানে অনেকেই নানা কারণে ইফতারের আগে বাসায় পৌঁছতে পারে না। ফলে পথেই তাদের ইফতারের সময় হয়ে যায়। আর আমাদের সমাজে পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা থাকে না। পথচারী রোজাদারের মুখে মুখে ইফতার তুলে দিতেই বাংলাদেশ জমিয়তুল উলামার এই আয়োজন।
তিনি বলেন, জমিয়ত সাধারণ মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। শুধু এখানেই নয় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা এ আয়োজন করেছি।
উল্লেখ্য, পবিত্র রমজানে পুরো দেশে বাংলাদেশ জমিয়তুল উলামার অসংখ্য জায়গায় ইফতার মাহফিল আয়োজন করবে বলেও জানা যায়।



