পাথেয় রিপোর্ট: জঙ্গিরা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টার্গেট করেছে, এজন্য দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরের বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে ক্র্যাবের পক্ষে বক্তব্য রাখেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘পুরো বিশ্বে জঙ্গিরা এখন ‘লোন উলফ’ পদ্ধতিতে হামলা চালাচ্ছে। অর্থ্যাৎ দলবদ্ধ হামলার চেয়ে একাকী হামলার প্রবনতা বাড়ছে। এই প্রবনতা রোধ করা প্রায় অসম্ভব।’
জাবেদ পাটোয়ারী বলেন, ‘জঙ্গিদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নির্মূল সম্ভব হয়নি। হলি আর্টিজানে জঙ্গি হামলার পর মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়। জঙ্গি বা সন্দেহভাজনদের নিয়ে মানুষ তথ্য দিলে ‘একাকী হামলা’র প্রবনতাও প্রতিরোধ করা সম্ভব হবে।’ ।
অনুষ্ঠানে ক্র্যাব কার্যনির্বাহী কমিটির সদস্যদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘বোদ্ধ পূর্ণিমায় কোনো সুনির্দিষ্ট হামলার তথ্য নেই। তবে হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে বৌদ্ধ প্রধান এলাকাসহ সারাদেশেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঢাকা এবং পার্বত্য অঞ্চলে বুদ্ধ পূর্ণিমার শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রা ঘিরেও বিশেষ নিরাপত্তা থাকবে। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃদ্ধের সাথেও আমরা বৈঠক করেছি। তাদের নিরাপত্তা চাহিদাও পূরণ করা হচ্ছে।’
দেশে বিদেশি জঙ্গি বা জঙ্গি সংগঠনের তৎরপতা নেই দাবি করে জাবেদ পাটোয়ারী বলেন, ‘মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো তৎপরতা বাংলাদেশে নেই। তবে কারো কারো সাথে আদর্শিক যোগাযোগ থাকতে পারে।’
আইএস এর দাবি করা বাংলাদেশ শাখার খলিফা শায়খ আবু মুহাম্মদ আল-বাঙ্গালী প্রসংগে তিনি বলেন, ‘গণমাধ্যমে আল বাঙ্গালীর বিষয়টি এসেছে। তার হুমকির বিষয়টিও গণমাধ্যম থেকেই আমরা জানতে পেরেছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাব সহসভাপতি মিজান মালিক, সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. শফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) ওয়াই এম বেলালুর রহমান, এআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) সোহেল রানা, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) কামরুজ্জামান ও জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান।


