ওবায়দুল কাদের দেশে ফিরলেন ৭০ দিন পর

ওবায়দুল কাদের দেশে ফিরলেন ৭০ দিন পর

পাথেয় রিপোর্ট: সিঙ্গাপুরে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশে ফিরে প্রধানমন্ত্রী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা, জানিয়েছেন ওবায়দুল কাদের।

বুধবার সন্ধ্যা ছয়টার কিছু আগে তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় বিমান বন্দরে ওবায়দুল কাদেরকে অভ্যর্থনা জানান এমপি-মন্ত্রীসহ আওয়ামী সর্বস্তরের নেতাকর্মীরা।

এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের বলেন, মহোদয়কে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ ফ্লাইটটি বাংলাদেশ সময় আজ দুপুর দুইটা দশ মিনিটে উড্ডয়ন করে এবং সন্ধ্যা ৬টা নাগাদ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে

ওবায়দুল কাদেরের সঙ্গে তার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ডা. আবু নাসার রিজভী এবং কিছু সংখ্যক দলীয় নেতাকর্মী রয়েছেন।

প্রসঙ্গত, গত ৩ মার্চ সকালে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। সেদিন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলে। ২০ মার্চ ওই হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়।শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়। গত ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে হাসপাতালের কাছেই একটি ভাড়া বাসায় উঠেন ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *