‘মানববন্ধনে কৃষকের ক্ষতিপূরণের ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারী’
ইসলামী কৃষক-মজুর আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত
কৃষকের বর্তমান সংকটকে দুর্যোগ ঘোষণা করে ক্ষতিগ্রস্ত কৃষককে কাঠা প্রতি ১৫ শত টাকা ক্ষতিপূরণ প্রদান করুন
আশরাফ আলী আকন
কৃষকের ক্ষতিপূরণের ব্যবস্থা না নিলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারী
পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আশরাফ আলী আকন ধান নিয়ে কৃষকের বর্তমান সংকটকে জাতীয় বিপর্যয় অখ্যায়িত করে এর থেকে দ্রুত উত্তরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। অন্যথায় দেশে বড় ধরনের বিপর্যয় ঘটার আশংকা দেখা দিতে পারে।
তিনি বলেন, কৃষকের বর্তমান সংকট উত্তরণে কৃষি মন্ত্রী যেভাবে একের পর এক বাস্তবতা বিবর্জিত কথা বলে যাচ্ছেন তা দেশের একজন নাগরিক হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কৃষি মন্ত্রীর কাছে দেশের ক্ষতিগ্রস্ত কৃষকরা সমস্যার সমাধান আশা করেছিলো কিন্তু কৃষকসহ দেশের জনগণের সে প্রত্যাশা পূরণে কৃষি মন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে দায়িত্বে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।
কৃষককে ক্ষতির হাত থেকে রক্ষায় “দেশ বাঁচাতে কৃষক বাঁচাও” শ্লোগান নিয়ে ইসলামী কৃষক-মজুর আন্দোলনের উদ্যোগে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবিরের পরিচালনা সভাপতি ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, জাতীয় মেস সংঘের সভাপতি সাংবাদিক আয়াতুল্লাহ আক্তার ও ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগরের সেক্রেটারী হাফেজ শাহাদাৎ হোসেন।
মোহাম্মদ আশরাফ আলী আকন বর্তমানে সংকটাপন্ন কৃষককে আরো ব্যাপক ক্ষতির হাত থেকে রক্ষায় বর্তমান পরিস্থিতিকে কৃষকের জন্য দুর্যোগ ঘোষণা করে দেশ প্রেমিক দক্ষ সেনাবাহিনীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা করে কাঠা প্রতি ১৫শত টাকা ভর্তূকি প্রদান করার জন্য সরকারের প্রতি দাবী জানান। তিনি বলেন, সরকার কৃষকদের সমস্যা সমাধানে ব্যবস্থা না নিলে দেশের ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবি আদায়ে মাঠে নামতে বাধ্য হলে তাদের সাথে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে। কৃষকের ক্ষতিপূরণে ব্যবস্থা না নিলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারী দেন।


