পাথেয় রিপোর্ট : বৈদেশিক উন্নয়ন সহায়তার (ওডিএ) আওতায় বাংলাদেশের সঙ্গে জাপানের ২.৫ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় পাঁচটি প্রকল্প বাস্তবায়ন হবে।
বুধবার জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোর কার্যালয়ে তার ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ চুক্তি সই হয়।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ ও জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি নিজ নিজ পক্ষে ওডিএ চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়।
ওডিএ প্যাকেজ চুক্তির অধীনে মাতারবাড়ি সমুদ্রবন্দর উন্নয়ন প্রকল্প (১), ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১), বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প (২), জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প (পর্যায়-২) ও মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (৫) অর্থায়ন করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়।
পরে সন্ধ্যায় শিনজো আবের বাসভবনে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দেবেন জাপানে রাষ্ট্রীয় সফররত শেখ হাসিনা।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রমুখ।
প্রসঙ্গগত, জাপান এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। ১৯৭২ সাল থেকে দেশটির কাছ থেকে বাংলাদেশ মোট ১ হাজার ১৩০ কোটি ডলারের সহায়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় এই নতুন উন্নয়ন সহায়তা চুক্তি সই হলো।


