মশার কয়েলের দগ্ধ ৪ জন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

মশার কয়েলের দগ্ধ ৪ জন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

মশার কয়েলের দগ্ধ ৪ জন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

পাথেয় রিপোর্ট : অসচেতনতার কুফলে আগুনে পুড়েছে চার জনের দেহ। মশার কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হলো চার জন।

নারায়ণগঞ্জের পাগলায় আগুনে বাবা-মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে ঘরে আগুন লাগে।

দগ্ধরা হলেন-আব্দুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলীর মেয়ে জুথি (১৩), জুথির ছোট বোন তানজিলা (৬)।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেকটর বাচ্চু মিয়া জানান আগুনে শিউলীর ৯৮ ভাগ, আব্দুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং জানজিলার ২৪ ভাগ দগ্ধ হয়েছে। তাদের সবারই অবস্থা গুরুতর।

এদিকে রাজধানীর শনির আখড়ায় একটি বিপণী বিতানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধসে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০টার দিকে শনির আখড়া মোড় বাসস্ট্যান্ডের পাশে মসজিদ রোডের ‘রেহানা প্লাজা’য় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

নিহত পথচারীর নাম ফরিদ আহমেদ (৫০) বলে জানা গেছে। তিনি কদমতলীর রসুলপুর এলাকায় থাকেন।

নিহতের স্ত্রী রওশন আরা গণমাধ্যমকে জানান, রিকশায় করে ওই এলাকা দিয়ে বাজার করার জন্য যাচ্ছিলেন ফরিদ। এসময় দেয়াল ধসে কয়েকটি ইট তার মাথায় পড়লে তিনি আহত হন। এই অবস্থায় ফরিদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহাবুদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভবনের তিনতলার একটি দেয়াল সম্পূর্ণ ধসে পড়েছে। সেখানে এক্সিম ব্যাংকের শাখা আছে। সেখানেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত একজনের মরদেহ পাওয়া গেছে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় দেশ বাংলা হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *