হিন্দ জমিয়তের পুনর্মিলনীতে সম্প্রীতি সুরক্ষার আহ্বান
ভাঙছে না জমিয়ত, আরো সুসংগঠিত হচ্ছে : মাহমুদ মাদানী
হিন্দ জমিয়তের ঈদ পূনর্মিলনী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ঐতিহ্যবাহী সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন ২০১৯ মঙ্লবার নয়াদিল্লীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আমাদের সংগঠনের বিরুদ্ধে দেশব্যাপী চক্রান্তের জাল বিস্তার করা হচ্ছে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে হিন্দ জমিয়তের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী বলেন, আগামীতে সময়ের সমস্ত সংকট মোকাবিলায় জমিয়ত বদ্ধপরিকর। অতীতে কেউ চক্রান্ত করে সফল হয়নি ভবিষ্যতেও হবে না। জমিয়ত ভেঙে যাচ্ছে শিরোনামে যে নিউজ ছড়িয়ে দেয়া হয়েছিল তা গুজব। জমিয়ত ভাঙছে না বরং আরো সুসংগঠিত হচ্ছে।
মাওলানা মাদানী বলেন, রমজানের পূর্বে বিশ্বব্যাপী ভয়াবহ দুটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। একটি নিউজিল্যান্ডের মসজিদে অপরটি শ্রীলঙ্কার গির্জায়। উভয় ঘটনায় জমিয়তের অবস্থান বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের যে কোনো সন্ত্রাসী ঘটনা জমিয়ত শক্তভাবে প্রতিরোধ করবে।
মাওলানা মাদানী উপস্থিত সকলের শুকরিয়া আদায় করে বলেন, ঈদ আমাদেরকে পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য ও সহানুভূতির শিক্ষা দেয়। ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে ভারতবর্ষে আমাদেরকে সকল ধর্মীয় সংঘাত মারামারি হানাহানি বর্জন করে সকল ধর্মের সহাবস্থানের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে।
অনুষ্ঠানে হিন্দ জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা কারী সাইয়িদ মোহান্মদ উসমান মনসূরপুরী বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মোকাবিলায় গোটা ভারতের জমিয়ত নেতৃবৃন্দ মাওলানা মাহমুদ মাদানীর বলিষ্ঠ নেতৃত্বে সুসংহত। কেন্দ্র থেকে যে কোন পরিস্থিতির মোকাবিলার জন্য আহ্বান করা হলে তাৎক্ষণিকভাবে সারা ভারতের জমিয়ত নেতৃবৃন্দ প্রস্তুত আছে।
তিনি বলেন, দেশের শান্তি, শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে জমিয়ত নেতৃবৃন্দ সর্বদা সচেষ্ট থাকবে। এদেশে কোন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জমিয়ত কঠোর অবস্থানে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সায়্যিদ মাওলানা আরশাদ মাদানী, সাআদাতুল্লাহ কুরাইশী, ফজলুর রহমানসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত ঈদ পুনর্মিলনী সম্মেলনে হিন্দ জমিয়তের সকল শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও ভারতের অসংখ্য জ্ঞানীগুণী, বুদ্ধিজীবী, ধর্মীয়, রাষ্ট্রীয়, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারতের সব খ্যাতিমান অসাম্প্রদায়িক চেতনার গুণী ব্যক্তিগণ এই জমিয়তে উলমা হিন্দের ঈদ পুনর্মিলনীতে বক্তব্য দিয়েছেন। এতে করে ভারতে অবস্থানরত মুসলমানদের শক্তিরও জানান দিয়েছে বলে গণমাধ্যম তা প্রচার করছে।
গ্রন্থনা ও অনুবাদ : আহমাদ কাশফী
সম্পাদনা : মাসউদুল কাদির
সূত্র : জমিয়তে উলমা হিন্দ, দিল্লী


