পাথেয় রিপোর্ট : মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদকে চিহ্নিত করার সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উত্থাপিত প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করে তা ওয়েবসাইটে প্রকাশ করেছে। তবে ৯ মাসব্যাপী এই যুদ্ধে সারাদেশে ৩০ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এসব গণশহিদের সবাইকে চিহ্নিত করা সম্ভব হয়নি। ভবিষ্যতে তাদের চিহ্নিত করতে কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।’
সরকার দলীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, ‘বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশিত তালিকা থেকে যদি কোনো মুক্তিযোদ্ধা বাদ পড়ে থাকেন, তাদের শনাক্ত করে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে।’
সংসদ নেতা বলেন, ‘ওই তালিকার অংশ হিসেবে বর্তমানে মোট ৫ হাজার ৭৯৫ জন শহিদ বীর মুক্তিযোদ্ধার নাম, ঠিকানা সম্বলিত পূর্ণাঙ্গ তালিকা তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে গেজেটভুক্ত বেসামরিক শহিদ ২ হাজার ৯২২ জন, সশস্ত্র বাহিনীর সদস্য ১ হাজার ৬২৮ জন, বিজিবির ৮৩২ জন এবং গেজেটভুক্ত শহীদ পুলিশ ৪২৪ জন।’
সরকার প্রধান বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় সহযোগীদের হাতে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত গণকবর সংরক্ষণ করার বিষয়ে আমাদের সরকার আন্তরিকভাবে কাজ করছে। সারাদেশে বধ্যভূমি ও গণকবর শনাক্ত করতে ব্যাপক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ৪৪২ কোটি ৪০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের গৃহীত একটি প্রকল্পের মাধ্যমে সারাদেশে ২৮১টি বধ্যভূমি সংরক্ষণ ও উন্নয়ন করা হবে।


