ওয়ার্ল্ড ডেস্ক ● বাবরি মসজিদ ধ্বংস মামলায় বিজেপির শীর্ষ নেতা ও মন্ত্রীদের শুক্রবার আদালতে হাজির হতে বললো সিবি আই’র বিশেষ আদালত। সম্ভবত ঐ দিনই বাবরি মসজিদ ধ্বংস মামলার চার্জশিট আদালতে পেশ করবে সিবি আই। বিজেপির অন্যতম শীর্ষ নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলীমনোহর যোশী, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী, সাংসদ বিনয় কাটিয়ারসহ মোট ২১ জনকে আদালতে হাজির হতে হবে। যদিও বিজেপি নেতারা শুনানির সময় আদালতে নিয়মিত হাজিরা থেকে অব্যাহতি দেবার জন্য আদালতে আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল বাবরি মামলায় বিজেপি নেতা নেত্রীদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা চলবে, জানিয়ে দিয়েছিলো সুপ্রিম কোর্ট। আদবানি, জোশী, উমা ভারতী, বিনয় কাটিয়ারসহ ২১ জনের নাম রয়েছে এই তালিকায়। তাঁদের বিরুদ্ধে মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে, এমনটাও নির্দেশ দিয়েছিলো সর্বোচ্চ আদালতের দুই বিচারপতি পি সি ঘোষ এবং আর এফ নরিম্যান কে নিয়ে গঠিত বেঞ্চ।নির্দেশে বলা হয়েছিলো এই শুনানি হবে লখনউ’র বিশেষ সিবি আই আদালতে। ২ বছরের মধ্যে মামলা শেষ করতে হবে। ২৫ বছর আগে বাবরি মসজিদের ওপর করসেবকদের হামলায় উস্কানি ও অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এই নেতারা। এই দাবি নিয়েই সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবি আই।
বাবরিকাণ্ডে আলাদা আলাদাভাবে দু’টি আদালতে মামলা হয়। প্রথম মামলাটি হয় করসেবকদের বিরুদ্ধে লখনউ আদালতে। এবং শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি হয় রায়বরেলী আদালতে। বিচারপতি পি সি ঘোষ এবং বিচারপতি আর এফ নরিম্যান-এর বেঞ্চ গত ৬ এপ্রিল ইঙ্গিত দিয়েছিলেন দুই আদালতের মামলারই একসঙ্গে শুনানি হতে পারে। নিম্ন আদালতে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাটি রাখা হয়নি। এই ধারা যুক্ত করার আবেদন জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবি আই। তাঁদের দাবি, বাবরি ধ্বংস হঠাৎ করে ঘটে যাওয়া কোনও দুর্ঘটনা নয়। রীতিমতো পরিকল্পনা করেই এই কা- ঘটানো হয়েছিল। প্রাথমিক প্রমাণ হিসেবে একটি গোপন বৈঠকের কথাও উল্লেখ করা হয় সিবি আইয়ের পক্ষ থেকে।সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সিবি আইয়ের এই দাবিকেই কার্যত মান্যতা দিয়েছিলো ।


