পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে একটি দিয়াশলাই কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। কারখানাটিতে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হতো বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।। স্থানীয় সময় শুক্রবার দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দিয়াশলাই কারখানাটি একইসঙ্গে কারখানা ও আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। এই ভবনে একসাথে অনেকেই থাকতেন।
ঘটনাটি সম্পর্কে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার ডিজাস্টার এজেন্সির প্রধান রিয়াদিল লুবিস জানান, কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনটি দ্রুত নিভিয়ে ফেলা হয়। নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছেন তিনি।
অগ্নিকাণ্ডের সময় মসজিদে জুমা পড়তে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বুডি জুলকিফলি বলেন,যখন আমি জুমা পড়তে যাচ্ছিলাম, তখনই এই বিস্ফোরণের শব্দ শুনতে পাই। কিন্তু কী বিস্ফোরিত হয়েছে, তা জানতে পারিনি।
বিনজাই পুলিশ প্রধান নুগরোহো থ্রি নুয়ান্তো বলেন, একটি গ্যাস ক্যানিস্টার বিস্ফোরিত হয়ে সম্ভবত এই আগুন লাগার ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, আমরা এখনো হতাহতদের শনাক্ত করে যাচ্ছি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আগুন থেকে তিন ব্যক্তি পালিয়ে বেঁচেছেন। কিন্তু সেখানে শিশুরা কেন ছিল, তা এখনো জানা সম্ভব হয়নি।
স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান ইরওয়ান শেয়ারি বলেন, সম্ভবত শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। নিহতদের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
এর আগে জাকার্তার বাইরে ২০১৭ সালে একটি আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত ও বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছিলেন।


