আবু আম্মার ● পবিত্র রমজানুল মোবারকের পবিত্রতা রক্ষায় সবাইকে সহনশীল ও সহিষ্ণু আচরণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তু উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, রমজান মানবতার কল্যাণে কাজ করার মতো একটি মহান মাস। এ মাসে মুসলমানদের ঘরে যে রহমত, মাগফেরাত ও নাজাতের পয়গাম আসে- এর প্রভাব গোটা সমাজেই পড়ে। তাই সবধর্ম ও মতের মানুষদেরও রমজানের পবিত্রতা রক্ষা করা উচিত। রোজাদারদের প্রতি সহমর্মী হওয়া উচিত।
লাগামহীন বাজারমূলের কারণে রোজাদারদের কষ্ট হবে দাবি করে আল্লামা মাসঊদ বলেন, সবচেয়ে বেশি সহিষ্ণু ব্যাবসায়ীদের হওয়া উচিত। রোজায় নিত্যপণ্যের দাম বাড়ানো ভালো লক্ষণ নয়। রোজা ব্যবসার জন্য নয়, রোজা পরের প্রতি দয়ার্দ্র হওয়ার এক মাস।
পৃথিবীর সব মুসলমানদের সিয়ামসাধনায় স্বাগত জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, বিশ্বব্যাপী সব মুসলমানদের ঘরে আজ এক সাধনার বিপ্লব ছড়িয়ে পড়েছে। আমরা রোজা রাখবো এবং বিশ্বকল্যাণের চিন্তা করবো। পরের মঙ্গলে কাজ করবো ইনশআল্লাহ।
রবিবার সকালে প্রথম রোজার অভিব্যক্তি পেশ করতে গিয়ে বাংলাদেশ জমিয়তু উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
তিনি বলেন, কৃচ্ছ্রতা সাধনের এই শিক্ষা সারা জীবন যেনো আমরা কাজে লাগাতে পারি- সে চেষ্টা আমাদের করতে হবে।


