রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, ১৭ ঘণ্টায়ও হয়নি চালু
পাথেয় রিপোর্ট (রাজশাহী অফিস) : রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে এখনো পর্যন্ত। ষোল ঘণ্টায়ও সুফল মিলেনি সাধারণ রেল যাত্রীদের। বুধবার সন্ধ্যায় জেলার চারঘাট উপজেলার হলিদাগাছি দিঘলকান্দি এলাকায় আউটার সিগন্যালে লাইনচ্যুত হওয়া তেলবাহী ওয়াগন উদ্ধার হয়নি ১৭ ঘণ্টাতেও। ফলে এখনও বন্ধ রয়েছে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।
বুধবার রাতে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন অভিযান শুরু করলেও বৃষ্টি ও আলো স্বল্পতায় উদ্ধার কাজ থমকে যায়। বৃহস্পতিবার সকাল থেকে লাইনচ্যুত তিনটি ওয়াগন উদ্ধার হয়েছে। বিকেল নাগাদ উদ্ধার কাজ শেষ হবে।
পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার খোন্দকার শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে উদ্ধার কাজ শুরু হলেও বেশি দূর এগুতে পারেনি। আজ সকাল থেকে জোরেশোরে উদ্ধার কাজ শুরু হয়েছে। দুর্বল ও পুরনো রেল হওয়ায় লোড বেশি থাকায় এমনটা হয়েছে।
এ ঘটনায় রাত থেকে রাজশাহী-ঢাকা, রাজশাহী-খুলনা এবং রাজশাহী-পার্বতিপুর রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
প্রসঙ্গত, রাজশাহীর চারঘাটে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলায় হলিদাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের আবদুলপুর জংশনের স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, হলিদাগাছি এলাকায় তেলবাহী ওয়াগনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে গেছে। উদ্ধারকাজ শুরু করার পর বলা যাবে পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা রাজশাহীগামী সিল্কসিটি ট্রেন আটকা পড়েছে।
সময়মত উদ্ধারকাজ শেষ না হলে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল হতে পারে বলে জানিয়েছে রাজশাহী রেল কর্তৃপক্ষ।


