প্রতিক্রিয়া প্রকাশের স্বাভাবিক সুযোগ চান তরুণরা
পাথেয় রিপোর্ট : আন্তর্জাতিক ঘটনা প্রবাহ : বাংলাদেশে উগ্রবাদ উস্কে দিচ্ছে শীর্ষক গোলটেবিল বৈঠকে তরুণরা স্বাভাবিক প্রতিক্রিয়া প্রকাশের স্বাভাবিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ থাকলে উগ্রবাদে জড়িয়ে পড়ার সংখ্যা অবশ্যই কমে আসবে।
বুধবার মুভ ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব বলেন।
গুলশানের অভিজাত একটি হোটেলে তরুণ ইসলামি লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, আইনপ্রয়োগকারী সংস্থা, কূটনীতিবিদ ও সুধীজনদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা কাশ্মীর, ফিলিস্তিন, রোহিঙ্গা, আসাম, উইঘুর, তালেবান, আইএস, শ্বেতাঙ্গ-বর্ণবাদ ও ভারত-পকিস্তান উত্তেজনাসহ আন্তর্জাতিক যেসব ঘটনাপ্রবাহ চলমান – তার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দেয়, তাকে পুঁজি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা হয় কি না, বা তরুণরা সেখান থেকে ভুলবার্তা পেয়ে উগ্রবাদে দীক্ষিত হয় কি না – সে বিষয়ে আলোচনা করেন।
পাশাপাশি আন্তর্জাতিক এসব ঘটনার সঙ্গে আমাদের তরুণরা কেন একাত্মতা বোধ করে, এর ফলে তারা কতটুকু উপকৃত বা ক্ষতিগ্রস্ত হয়, পড়ালেখা কিংবা ক্যারিয়ারের ক্ষতি করছে কি না- এ বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
বক্তারা প্রতিক্রিয়া দেখানোর মতো স্বাভাবিক পরিবেশ নেই বলেই মানুষ উগ্রবাদে জড়িত হয় বলে অভিমত ব্যক্ত করেন। কেউ কেউ প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে নিয়ন্ত্রিত ও নিয়মতান্ত্রিক পদ্ধতির কথা বলেন। সেই সঙ্গে প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘকে শক্তিশালী করা এবং সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বক্তারা মানুষকে ধর্মের চোখে না দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে সমানভাবে বিবেচনা করে সংক্ষুব্ধতা হ্রাসকরণের বিষয়ে পরামর্শ দেন। আলোচকরা উগ্রবাদে জড়িতদের মনস্তাত্মিক অবস্থা বিবেচনায় নিয়ে এর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করেন।
মুভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইফুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশের এন্টি টেরোরজিম ইউনিটের পুলিশ সুপার মাহিদুজ্জামান, ডিজিএফআই’র প্রতিনিধি ইমামুল আরেফিন ও মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জ্যাকব লেভিন।
সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেন এসএ টিভির বার্তা প্রধান মাহমুদ আল ফয়সাল, কলামিস্ট গৌতম দাস, ঢাকা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ইহসানুল হক যোবায়ের, ব্র্যাক ইউনিভার্সিটির লেকচারার সাইমুম রেজা তালুকদার, প্রথম আলোর ধর্মীয় লেখক শাঈখ উসমান গনী, দৈনিক ইত্তেফাকের মাইনুল শাহিদ, বাংলা ট্রিবিউনের রিপোর্টার নুরুজ্জামান লাবু, ইসলাম প্রতিদিন সম্পাদক মাওলানা মিরাজ রহমান, পাথেয় টোয়েন্টিফোর সহযোগী সম্পাদক মাসউদুল কাদির, ডিস্ক ইন্টান্যাশনালের ড. তারেক মুহাম্মদ জায়েদ, ফিলিস্তিন দূতাবাসের মুহসিন মাশকুর, লেখক আসিফ সিবগত ভূঞা ও জবান ডটকম সম্পাদক রেজাউল করিম রনি।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন যুগান্তরের সহ-সম্পাদক তানজিল আমির, খোলা কাগজের রিপোর্টার হাসান ওয়ালি, সময়ের আলোর আরিফ খান সা’দ, যাত্রবাড়ি জামেয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা রিদওয়ানুল হাসান প্রমুখ।


