রঙ প্রতিবেদক ● গুণী অভিনেতা শহীদুল আলম সাচ্চু হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৪ জুন হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সাচ্চুর হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। ইতোমধ্যে সেই ব্লকে সফলভাবে রিংও বসানো হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম জানান, শহীদুল আলম সাচ্চু বর্তমানে সুস্থ আছেন। যে কোনো সময় তিনি বাসায় ফিরবেন। এদিকে ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর, প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আনজাম মাসুদসহ অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনেতা শহীদুল আলম সাচ্চুর শারীরিক সুস্থতার জন্য শুভ কামনা জানিয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।
সাচ্চুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছে মিডিয়া পাড়ায়। তার দ্রুত সুস্থতা কামনায় অসংখ্য ভক্ত এবং সহশিল্পী বন্ধুরা দোয়াপ্রার্থনা করছেন। সবাই তিনি যাতে আবারও স্বাভাবিকভাবে অভিনয় ও ব্যক্তিজীবনে ফিরে আসতে পারেন সে কামনা করছেন।
উল্লেখ্য, সম্প্রতি এই গুণী অভিনেতা টিভি নাটকের অভিনেতা-অভিনেত্রীদের সবচেয়ে বড় সংগঠন শিল্পী সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন।


