রাম নামের রাজনীতি বন্ধ করে বাবরি মসজিদ মামলা দ্রুত নিষ্পত্তি করুন : আরশাদ মাদানী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাম নামের রাজনীতি বন্ধ করে বাবরি মসজিদ মামলা দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামা উলামা হিন্দের প্রেসিডন্ট, দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী।
তিনি বলেন, বাবরি মসজিদ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। কিন্তু ভারতীয় মুসলিম জনগণ সুপ্রিম কোর্টের উপর ভরসা করতে পারছেন না। আমরা চাই যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে যেন বাবরি মসজিদই নির্মাণ হয়।
ডেইলি হারামা সমাজ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যমকে বিবৃতি দিয়ে এসব কথা বলেছেন মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী।
জমিয়তে উলামা হিন্দের প্রেসিডন্ট বলেন, শরীয়া অনুযায়ী মসজিদের জমি কাউকে দেয়া যায় না, উপহার দেয়ারও নিয়ম নেই। একবার কোনো জমিতে মসজিদ নির্মিত হলে তা আল্লাহর হয়ে যায়। ১৯৯০ সালের ডিসেম্বর ও ১৯৯৩-এর জানুয়ারিতেও মুসলিম পার্সোনাল ল’বোর্ডের অবস্থান একইরকম ছিল। তারা আগেকার ওই সিদ্ধান্ত থেকে সরে আসছেন না বলে জানিয়েছেন তিনি।
আরশাদ মাদানী বলেন, কোনো মসজিদকে গায়রুল্লাহ’র এবাদতের জন্য দেয়া হারাম। শরীয়ায় এ ধরনের কোনো সুযোগ নেই।
এদিকে বাবরি মসজিদ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। আগামী ১৮ অক্টোবরের মধ্যে এই মামলার শুনানি শেষ করতে হবে। বুধবার এই মামলার ২৬ তম শুনানির দিন চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসাথে এই মামলার আবেদনকারীরা চাইলে মধ্যস্থতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন বলে জানিয়েছেন বিচারপতিরা।
জানা গেছে, উভয়পক্ষের আইনজীবীরা বুধবার সর্বোচ্চ আদালতে এই মামলার সম্ভাব্য শুনানির তারিখ সম্পর্কে একটি হলফনামা জমা দেন। সিএস বৈদ্যনাথন ও রাজীব ধাওয়ানের দেওয়া সম্ভাব্য তারিখের তালিকা দেখে অক্টোবরের ১৮ তারিখের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
এ বিষয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, আসুন আমরা সবাই মিলে যৌথভাবে চেষ্টা করে অক্টোবরের ১৮ তারিখের মধ্যে শুনানি শেষ করি। এর জন্য যদি দরকার পড়ে তাহলে শুনানির সময়সীমা এক ঘণ্টা থেকে বাড়ানো হবে। দরকারে শনিবারেও শুনানি করা হবে।
সুপ্রিম কোর্টের বিচারপতি এম কলিফুল্লার নেতৃত্বাধীন তিন সদস্যের মধ্যস্থতাকারী কমিটি গত সোমবার সুপ্রিম কোর্টকে একটি চিঠি পাঠায়।
ওই চিঠিতে কমিটির পক্ষ থেকে আবেদন জানানো হয়, এই মামলার উভযপক্ষের কাছ থেকেই তাদের কাছে ফের মধ্যস্থতা করার প্রস্তাব এসেছে। আদালত যদি মনে করে তবে তারা ফের এই প্রক্রিয়া শুরু করতে পারে।
ওই প্রসঙ্গ উল্লেখ করে বুধবার আদালত জানায়, যদি মামলাকারীরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিষয়টির সমাধান করতে পারে তাহলে কোনও আপত্তি নেই। আদালতে শুনানি চলার পাশাপাশি এই প্রক্রিয়া চলতেই পারে। তবে তাদের নেওয়া সিদ্ধান্ত আদালতের সামনে পেশ করতে হবে।
সূত্র : হামারা সমাজ, দিল্লী
গ্রন্থনা ও অনুবাদ : আদিল মাহমুদ

