হেফাজতের আমিরকে দেখতে হাসপাতালে ফখরুল

হেফাজতের আমিরকে দেখতে হাসপাতালে ফখরুল

নিজস্ব প্রতিবেদক ● ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গ্লোরিয়ার আজগর আলী হাসপাতালে যান ফখরুল। দলের ভাইস চেয়ারম্যান মীর মো. নাসিরও তার সঙ্গে ছিলেন। ওই হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ৯৫ বছর বয়সী আল্লামা শফীকে। গত মঙ্গলবার চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আল্লামা শফী সাহেব অত্যন্ত অসুস্থ। এই হাসপাতালে আইসিইউতে আছেন। আমরা দেখতে গিয়েছিলাম।

তিনি এখনো সংকটাপন্ন অবস্থায় আছেন। চিকিৎসকরা বলেছেন, এখানে আসার পর অবস্থা কিছুটা উন্নতি করছে। তবে সময় লাগবে। আমরা আশা করছি, তার অবস্থার উন্নতি হবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন। শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ১৮ মে থেকে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন আহমদ শফী। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। চট্টগ্রামের হাটহাজারীর কওমি মাদরাসা দারুল উলুম মইনুল ইসলামের মহাপরিচালক আল্লামা শফী তার ঘরানার মানুষের কাছে যেমন শ্রদ্ধেয়, তেমনি নারীবিরোধী নানা বক্তব্যের কারণে বিতর্কিতও। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড হেফাজত আমিরের চিকিৎসায় নিয়োজিত রয়েছে। হাসপাতালের চিকিৎসক এ আর এম নূরুজ্জামানের উদ্ধৃতি দিয়ে আহমদ শফীর বড় ছেলে মোহাম্মদ ইউসুফ বলেন, তিনি (হেফাজত আমির) ইউরিন ইনফেকশন, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শুরুতে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন হলেও বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কিন্তু এখনও তিনি আশঙ্কামুক্ত নন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *