ভাগের মা গঙ্গা খোয়ায় | সুলতানা রিজিয়া
বুকের মাঝে উথলে উঠে অতল আঁধার
দেহঘড়ির আট কুঠুরির বন্ধ দুয়ার
মরচে ধরে শিকল ছিঁড়ে পড়লো খসে
বুকের পাখির ছটফটানি সয় না প্রাণে
সময় কাঠি অপেক্ষায় রয় আমার সনে।
কত কথা রয় যে ঝুলে স্মৃতির মূলে
এক্কা দোক্কায় চুলের ঝুঁটি দোদুল দুলে
বিহানবেলা শিউলিতলায় হুমড়ি খেয়ে
গাঁথছি মালা নিত্য নতুন গোপন খাতায়
লাজুক লতা নুউয়ে পড়ে নীলচে পাতায়।
শ্রাবণ বানের জোয়ার কাটে মনের নায়ে
শাড়ির আঁচল উড়িয়ে নেয় ফাগুন বায়ে
পায়ের নূপুর জড়িয়ে যায় চোরকাঁটায়
বায়স্কোপের রঙিন মুখের স্বপ্ন সাজায়
পক্ষ্মীরাজের নীলাকাশ দু’হাত বাড়ায়।
ঘর বসতির রঙিন ফাঁদে স্বপ্ন পুড়ে
অষ্টপ্রহর সলতে পাকাই বংশধরে
ভাগের মা গঙ্গা খোয়ায় শূন্য চরে
চোখের ছানি ভূবনটুকু নিলো কেড়ে
পাখির আর সয়না খাঁচা যাবেই উড়ে।
২২/১০/২০১৯


