যুব আলেমদের নানা অভিযোগের জবাব দিলেন মুফতী ফয়জুল করীম
পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন সব আলেমদেরকে একই রকম মনে করে না, নিজের দলের লোকদের প্রতি অন্ধ বিশ্বাস, গুম হওয়া, খুন হওয়া, গ্রেফতার আলেমদের খোঁজ নেয় না—এমন অসংখ্য অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সাইয়্যিদ ফয়জুল করীম। তিনি অত্যন্ত ধৈর্যের সঙ্গে উপস্থাপিত অনেকগুলো প্রশ্নের জবাব দেন।
তিনি লেখক আতিকুল্লাহর গুম হওয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লিখে হেনস্থার শিকার হওয়াদের বিষয়ে বলেন, আমাদের দলের না হোক, অন্তত সমস্যাটা জানিয়ে গ্রেফতার হওয়া পরিবারের কেউ তো আমাদের কাছে এসে বিষয়টা জানাবে। কোনো কিছু না জেনে আমরা কীভাবে একজনের পক্ষে লড়ি।
ভোলার ঘটনাকে টেনে এনে তিনি বলেন, ভোলায় আমরা কেউ বিক্ষোভের ডাক দিইনি। কিন্তু ইসলামপ্রিয় নবীপ্রেমিকরাই সেখানে এসেছিল। এমন আহত হওয়া অনেক মানুষকে আমরা চিকিৎসাসেবা দিয়েছি। গতকালও চার জন ভোলা হাসপাতালে ছিল। আমরা তাদের সঙ্গ ত্যাগ করিনি। আমরা কারও সঙ্গ করি না। আমাদের সঙ্গ ত্যাগ করে অনেকে চলে যায়।
বুধবার বিকালে ইসলামী যুব আন্দোলন আয়োজিত যুব সম্মেলনে যুব আলেমদের এরকম অসংখ্য প্রশ্নের জবাব দেন।
রাজধানীর বিএমএ মিলনায়তনে প্রবেশ করেই তিনি শত শত যুব আলেমদের কাছে কাছে গিয়ে হাত মেলান। এ সময় উপস্থিত তরুণ আলেমরা তাকে অভিনন্দন জানান।
এতে উপস্থিত হয়েছিলেন, রাজধানীর উল্লেখযোগ্য মসজিদের খতিব, মাদরাসার পরিচালক বা মুহাদ্দিস, মিডিয়ার সম্পাদক বা সাংবাদিক, লেখক ও গবেষক অথবা আলেম ব্যবসায়ী।
উপস্থিত যুব ওলামাগণ ইসলাম দেশ ও জনগণের জন্য তাদের বিভিন্ন পরিকল্পনা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন। এ সময় তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কাছে তাদের কি প্রত্যাশা রয়েছে এ সম্পর্কে আলোচনা করেন। এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিরুদ্ধে অভিযোগ-অনুযোগ নিঃসংকোচে তুলে ধরেন তাদের বক্তব্যে।
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, যুব নেতা মুফতী হোসাইন মোহাম্মদ কাওছার বাঙালি, মুফতী মানসুর আহমদ সাকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বিশেষ কোন গোষ্ঠীর দল নয়, এটি সকল ইসলামপ্রিয় মানুষের সংগঠন। আমরা চাই সকল সেক্টরের মানুষের মতামত নিয়ে আগামী দিনে দেশ এবং জাতির জন্য ভালো কিছু উপহার দিতে। এজন্য তিনি তরুণ ওলামায়ে কেরামের সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা এবং পরামর্শসহ গঠনমূলক সমালোচনা কামনা করেন।
যুব চিন্তাশীল আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি জহির ইবনে মুসলিম, শায়খ মুহাম্মদ উসমান গণি, আফজাল হোসাইন, মাসউদুল কাদির, শামসুদ্দোহা, মুনীরুল ইসলাম প্রমুখ।


