ইকরায় ৩৪ জন ছোট্টমণিকে কোরআনের সবক দিলেন দেওবন্দের আবদুল্লাহ মারুফী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: রাজধানীর ইকরা বাংলাদেশের কেন্দ্রীয় শাখার ক্লাস ওয়ানের ৩৪ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফের সবক দিয়েছেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের হাদীস বিভাগের প্রধান আল্লামা আবদুল্লাহ মারুফী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, শিশুরা আল্লাহর আমানত। শিশুদের সুন্দর চরিত্র, সুস্বাস্থ্য, উন্নত মেধা ও মননের অধিকারী করার জন্য তাদের পরিচর্যা করা বাবা-মায়ের দায়িত্ব।
ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুনের সভাপতিত্বে (২৮ নভেম্বর) সকাল ১০টায় ইকরা বাংলাদেশ মিলনায়তনে এ সবকপ্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন আবদুল্লাহ মারুফী।
অভিভাবকদের উদ্দেশে দারুল উলূম দেওবন্দের হাদীস বিভাগের প্রধান বলেন, আপনারা আপনাদের শিশুদের জন্য সঠিক শিক্ষা বেছে নিয়েছেন। তাদেরকে কুরাআন শিক্ষা দিচ্ছেন। আপনাদের সন্তানরা কুরআনুম মাজিদের হাফেজ হলে কিয়ামতের দিন আপনাদের নাজাতে উসিলা হবে। আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব ও জামিআ ইকরা বাংলাদেশের রাঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ অভিবাকদের অভিনন্দন জানান।
ঢাকা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মাওলানা হোসাইনুল বান্না বলেন, শিশুদেরকে ইসলামের মৌলিক বিষয়াবলীর শিক্ষা দেওয়ার জন্য ইকরা বাংলাদেশ যাত্রা শুরু করেছিল। যাতে শৈশবে পাওয়া ইসলামের নৈতিক শিক্ষা ও আদর্শের অনুসরণ করে বড় হয়ে তারা বিভ্রান্ত না হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামিআ ইকরা বাংলাদেশ-এর সিনিয়র মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ আমান, পাথেয় টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগী সম্পাদক মাওলানা মাসউদুল কাদির, ইকরা বাংলাদেশ-এর ভাইস প্রিন্সিপাল নাসির উদ্দীন, সিনিয়র শিক্ষক নাসিরুদ্দিন, ইকরার বাংলাদেশের শিক্ষক আব্দুস সালাম, মাওলানা গিয়াস উদ্দিনপ্রমুখ।


