আত্মশুদ্ধি নিজের ঘর থেকেই শুরু করতে হবে : মাওলানা সুহাইব নদভী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আত্মশুদ্ধি নিজের ঘর থেকেই শুরু করার আহ্বান জানিয়েছেন ভারতের দারুল উলূম নদওয়াতুল উলামা লাখনৌর তাফসির বিভাগের প্রধান মাওলানা সাইয়্যিদ সুহাইব হোসাইনী নদভী। তিনি বলেন, আত্মশুদ্ধির কথা কেবল আমরা বলে যাই। আত্মশুদ্ধি সবার আগে নিজের ঘর থেকে শুরু করা চাই।
পবিত্র কোরআনই মুসলিম উম্মাহর প্রকৃত হিদায়াত মন্তব্য করে তিনি বলেন, কোরআনই মানুষের জন্য হিদায়াত ও রহমত। কোরআনের তেলাওয়াত করার ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত। কোরআন বুঝে বুঝে পড়া উচিত। আমাদের কোরআন যে শিক্ষা দিয়েছে এর ওপর আমল করা উচিত।
বুধবার লাখনৌর এক সভায় বিশেষ অতিথির বয়ানে এসব কথা বলেন তিনি। দিল্লীর দৈনিক হামারা সমাজে বৃহস্পতিবার প্রকাশিত সংবাদে এ কথা জানা যায়।
মাওলানা সাইয়্যিদ সুহাইব হোসাইনী নদভী আরও বলেন, কোরআন প্রত্যেক ক্ষেত্রে মনুষ্যত্ববোধ শিক্ষা দেয়, মানবতাকে জাগিয়ে তোলে। আমরা যারা তেলাওয়াত করি, বুঝতে চেষ্টা করি না। এটা বুঝেও পড়া উচিত। তেলাওয়াতের যেমন আমল ঘরে চালু আছে তেমনি কোরআন বুঝে পড়ার আমলও চালু করা উচিত।
কোরআন ও নবীয়ে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ককে আরও পাকা ও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
কোরআনের তালিম বাড়ানোর আহ্বান জানিয়ে মাওলানা সাইয়্যিদ সুহাইব হোসাইনী নদভী বলেন, শিক্ষার মধ্যেই উন্নতি ও সম্মান। কোরআনের শিক্ষায় আরও বেশি সম্মান। দুনিয়াতে এবং আখেরাতে। এ শিক্ষা যেই গ্রহণ করুক, পরকালে আমাদের নাজাতের জন্য অনেক বড় উসিলা হবে ইনশাআল্লাহ।
আর যদি আমরা কোরআন ও হাদিসকে আঁকড়ে ধরতে না পারি তাহলে তা আমাদের ধ্বংসের কারণ হবে।
মাদরাসাগুলোর সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মাদরাসাগুলোর সহযোগিতায় এগিয়ে আসুন। কারণ এই দ্বীনী প্রতিষ্ঠান টিকে থাকলেই ইসলাম টিকে থাকবে। সহযোগিতার সবচেয়ে নিদর্শন হলো, আপনি সবার আগে নিজের সন্তানকে মাদরাসায় দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দারুল উলূম নদওয়াতুল উলামা লাখনৌর মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ কফিলুদ্দীন নদভী।
মাওলানা মুহাম্মদ কফিলুদ্দীন নদভী নবীয়ে রহমত হযরাত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, কারণ নবীজীর সীরাতই মানুষের নাজাতের পথ। জামেন। নবীজীর জীবনের সঙ্গে জুড়ে থাকলে আমাদের জীবন সহজেই বদলে যাবে।
তথ্য সূত্র : হামারা সমাজ, দিল্লী
গ্রন্থনা ও অনুবাদ : মাসউদুল কাদির


