হে পুরুষ ছুঁয়ো না আমাকে | সৈয়দ নূরুল আলম
হে পুরুষ ছুঁয়ো না আমাকে
ছুঁলে, তোমার হাত , ঠোঁট, বুকের সবুজাভ লোম
পুড়ে যাবে আগুনে।
ধলপুর গ্রাম, গ্রামের বত্রিশটি বাড়ি
পনেরটি বাগান, এক ফালি সোনালি ক্ষেত
যে ভাবে পুড়ে গেছে ৭১-এ।
হে পুরুষ দেখো না আমাকে
দেখলে, তোমার দু’চোখ নষ্ট হয়ে যাবে
ফুল , পাখি, নদী, আর নীল আকাশ
যেভাবে নষ্ট হয়ে যায়
একজন বানবাসী অনাহারী বৃদ্ধের কাছে।
হে পুরুষ ভেবো না আমাকে
ভাবলে, তোমার চোখের নিদ্রা চলে যাবে
দশবার বুকডান বা সিডাকসিন
কিছুতেই হবে না কাজ।
তাই হে পুরুষ
ছুঁয়ো না , দেখো না, ভেবো না আমাকে।


