গণপিটুনির জন্য মসজিদের মাইক ব্যবহার, নিহত ৩
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ইস্যু গরু চুরি। ব্যবহার করা হয়েছে পবিত্র মসজিদের মাইক। যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ার রেলক্রসিংয়ের সামনে সোমবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে। এ ঘটনায় আহত একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামে একটি পিকআপভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন গরুচোর আসেন। তারা খোরশেদ আলীর বাড়ির গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালানোর চেষ্টা করেন। এ সময় বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার শুরু করেন। এলাকাবাসী জড়ো হয়ে চোরদের ধাওয়া করে এবং তাদের ধরতে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেন। এরপর এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন এক গরুচোর।
অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ভোরে একদল সংঘবদ্ধ গরুচোর চুরি করতে গেলে এলাকাবাসী টের পেয়ে মসজিদে মাইকিং করেন। এ সময় সবাই মিলে তাদের ধাওয়া করে তিনজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং আহত অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি মো. তাজুল ইসলাম আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন এক গরুচোর। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।


