মাওলানা সাদ অনুসারী ইজতেমার আখেরী মোনাজাত আজ

মাওলানা সাদ অনুসারী ইজতেমার আখেরী মোনাজাত আজ

মাওলানা সাদ অনুসারী ইজতেমার আখেরী মোনাজাত আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: কার্যত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের পর্দা নামছে আজ রোববার। অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত। এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৫তম বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটবে। সকাল থেকে হেদায়েতি বয়ান শুরু হয়েছে। হেদায়েতি বয়ান শেষ হলে বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার শীর্ষ মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম। এ পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা জমশেদ।

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার (১৮ জানুয়ারি) রাত থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মুসল্লিগণ ইজতেমা ময়দানের দিকে আসছেন স্রোতের মতো। সকালে মুসল্লিদের এই স্রোত আরও বাড়তে থাকে। ইজতেমা ময়দানের আশপাশে এবং ঢাকা-ময়মনসিংহ ও আব্দুল্লাহপুর- আশুলিয়া সড়কে মুসল্লিদের আসতে দেখা গেছে। মুসল্লিরা সবাই নিজের মতো করে এক ধরনের শৃঙ্খলা মেনে চলছেন।

মাঠজুড়ে বিশাল সামিয়ানার নিচে ছোট ছোট দলে ভাগ হয়ে অবস্থান করছেন ইজতেমায় অংশগ্রহণকারী চিল্লাধারী সাথীরা। চিল্লাধারী সাথী ছাড়াও আশপাশ এলাকার মুসল্লিরা ময়দানের দিকে ছুটছেন। তবে প্রথম পর্বের তুলনায় এ পর্বের আখেরি মোনাজাতে মুসল্লির সমাগম কিছুটা কম হবে বলে ধারণা করা হচ্ছে।

আখেরি মোনাজাতের দিন ইজতেমায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে ১৬টি বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া সব আন্তঃনগর ট্রেন টঙ্গীতে যাত্রা বিরতি করবে। এছাড়া বিআরটিসি’র শতাধিক বিশেষ বাস সার্ভিস চালু থাকবে। মোনাজাত উপলক্ষে টঙ্গী ও আশপাশ এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

হেদায়েতি বয়ান : সকাল থেকে ইজতেমায় বয়ান করছেন ভারতের মাওলানা ইকবাল হাফিজ। তিনি বলেন, যে দ্বীন ইসলামের বিধান অনুসারে চলবে এবং হজরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করবে, সে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে। ঈমানকে শক্তিশালী করতে হলে মানুষকে মসজিদের পরিবেশে বসাতে হবে। মুসলমানের নামাজ ছাড়ার প্রশ্নই আসে না। নামাজ এমনভাবে আদায় করতে হবে, যেমন নবী করিম (সা.) আদায় করেছেন।

মাওলানা ইকবাল হাফিজ বলেন, আমাদের দাওয়াতের কাজে দিনে ৮ ঘণ্টা সময় দিতে হবে। জবরদস্তি করে নয়, তাজিমের সঙ্গে বুঝিয়ে কাউকে মসজিদে নিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহকে রাজি ও খুশি করার জন্যই করতে হবে।

হেঁটেই ইজতেমাস্থলে : বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলার মুসল্লিরা ভোর থেকেই টঙ্গীর ইজতেমা ময়দানের দিকে ছুঁটছেন। শনিবার ভোররাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকায় মুসল্লিরা ভোর থেকে শীত-কুয়াশা উপেক্ষা করে হেঁটে ইজতেমার উদ্দেশ্যে রওনা হন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের আগমন অব্যাহত থাকবে। অনেকেই যানবাহনের বিড়ম্বনা এড়াতে দুই-একদিন আগেই টঙ্গীতে আত্মীয়-স্বজনদের বাড়ি কিংবা হোটেলে অবস্থান নিয়েছেন।

নিরাপত্তা জোরদার : আখেরি মোনাজাত উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পাঁচ স্তরে নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা ও মহানগর পুলিশ।

মোনাজাতে অতিরিক্ত মাইক : আখেরি মোনাজাত প্রচারের জন্য গণযোগাযোগ অধিদফতর ও গাজীপুর জেলা তথ্য অফিস বিশেষ ব্যবস্থা নিয়েছে। জেলা তথ্য অফিস জানিয়েছে, গণযোগাযোগ অধিদফতর ইজতেমা ময়দান থেকে আবদুল্লাহপুর ও বিমানবন্দর রোড পর্যন্ত এবং গাজীপুর জেলা তথ্য অফিস ইজতেমা ময়দান থেকে চেরাগাআলী, টঙ্গী রেলস্টেশন, স্টেশন রোড ও আশপাশের অলিগলিতে পর্যাপ্ত মাইক সংযোগের ব্যবস্থা করেছে।

বিদেশি মুসল্লি : বিশ্ব ইজতেমা সূত্র জানায়- ইজতেমার দ্বিতীয় পর্বে ৩৫টি রাষ্ট্রের প্রায় আড়াই হাজার মুসল্লি যোগ দিয়েছেন।

এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ১০ জানুয়ারি। আর ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে মাওলানা জুবায়ের অনুসারিদের প্রথম পর্ব শেষ হয়। প্রথম পর্বে ৬৪টি জেলার মুসল্লিরা অংশ নেন। দ্বিতীয় পর্বের ইজতেমাতেও দিল্লির মাওলানা সাদ অনুসারী ৬৪ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *