আন্তর্জাতিক ডেস্ক : শপথ নিয়েছেন ভারতের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে অভিষেক ভাষণে ভারতের বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণের কথা উল্লেখ করে তিনি বলেন, এসবের মধ্যে ঐক্যই উন্নতির পথ।
এনডিটিভির খবরে জানা যায়, গতকাল সোমবার সদ্য বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া ভাষণের সুর শোনা যায় নতুন রাষ্ট্রপতির মুখে। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ জাতি। এখন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির জন্য গর্বিত। বিশ্বের সামনে শক্তি প্রদর্শনের সময় এসেছে ভারতের।’
সাংসদ থাকার সময় মনে করে কোবিন্দ বলেন, ‘অনেক বিষয়ে প্রায়ই আমরা একমত হতাম। কখনো দ্বিমত পোষণ করতাম। কিন্তু আমরা একে অন্যকে শ্রদ্ধা করতে শিখেছি। আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’
অভিষেক ভাষণে ভারতবাসীর উদ্দেশে কোবিন্দ বলেন, ‘ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ায় আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি সাধারণ পরিবার থেকে এসেছি। অনেক পথ পাড়ি দিতে হবে।’
কোবিন্দ আরও বলেন, ‘আমি ১২৫ কোটি ভারতীয়র প্রতিনিধি। আমি এই গুরুদায়িত্বের মর্ম বুঝি। রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে প্রণব মুখার্জি পর্যন্ত সাবেক সব রাষ্ট্রপতিই মহান নেতা। আমাকেও এই ধারা বজায় রাখতে হবে।’
ভারতের প্রধান বিচারপতি জে এস খেহর কোবিন্দকে শপথবাক্য পড়ান। সংসদে শপথ অনুষ্ঠানে কোবিন্দের পরিবারের ২২ সদস্য উপস্থিত ছিলেন। কোবিন্দের ভাতিজা দীপক কোবিন্দ বলেন, ‘এই প্রথমবারের মতো আমরা সংসদে ঢুকেছি। আমাদের সবার জন্য এটি খুব গর্বের। প্রথমবারের মতো উত্তর প্রদেশ থেকে একজন রাষ্ট্রপতি আসায় সে রাজ্যের সবাই খুব খুশি।’
সংসদে যাওয়ার পথে কোবিন্দের সঙ্গে ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সংসদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপরাষ্ট্রপতি হামিদ আনসারি তাঁকে স্বাগত জানান।
৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ ২০১৫ সালে বিহারের গভর্নর ছিলেন। কে আর নারায়ণের পর তিনিই দলিত সম্প্রদায়ের দ্বিতীয় রাষ্ট্রপতি। ভারতীয় জনতা পার্টি এবং এর আদর্শিক পথপ্রদর্শক রাষ্ট্রীয় সমাজসেবক সংঘেরও সদস্য হিসেবেও তিনি প্রথম রাষ্ট্রপতি।


