আবদুল্লাহ শাকির ● সম্প্রতি চলে আসা নিজামুদ্দীন মারকাজ ও দারুল উলূম দেওবন্দের মধ্যকার সকল বিরোধের পরিসমাপ্তি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল ক্বাসেম নুমানী৷ মাওলানা নুমানী তার এক বক্তব্যে বলেন, দারুল উলূম দেওবন্দের সঙ্গে মাওলানা সা’দ সাহেবের সব মাসআলা শেষ হয়েছে। অতএব নিজামুদ্দীন মারকাজে কারও যাওয়া আসার বিষয়ে দারুল উলূমের তরফ থেকে অতীতেও কোন বিধিনিষেধ ছিলো না, এখনো নেই৷
ভারতের কর্নাটক প্রদেশের বলগাম জেলার একজন দ্বীনি দায়িত্বশীল দেওবন্দের মুহতামিম আল্লামা নোমানীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
দেওবন্দের এই মুহতামিম এ নিয়ে কোনো বিভ্রান্তি না ছাড়নোর আহ্বান জানান।
সম্প্রতি বাংলাদেশেও মাওলানা সাদ কান্ধলবীর বিষয়টি নিয়ে আলেমদের নানা রকম বৈঠকের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। মাওলানা নোমানী বিশ্বজুড়ে এ ধরনের যেকোনো মুআমেলার সঙ্গে দেওবন্দের কোনো সম্পর্ক নেই বলেই উল্লেখ করেছেন টেলিবার্তায়।
উল্লেখ্য, গত বিশ্বইজতেমায়ও মাওলানা সাদ কান্ধলবী এসেছিলেন। তবে বাংলাদেশে ঢুকতে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল।বিমানবন্দরে আটকে থাকতে হয়েছিল অনেক সময়। সরাসরি সরকারের উপরস্থ কর্তাদের হস্তক্ষেপে তিনি বিশ্বইজতেমায় অংশ নিতে পেরেছিলেন। এরপর বিশ্ব তাবলীগের এই আমীর আখেরী মোনাজাতও পরিচালনা করেছিলেন।
পরে বিশ্ব তাবলীগের এ বৈঠকেও তাকে বিশ্ব আমীর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।


