কাবা ঘরের তাওয়াফের স্থানও উন্মুক্ত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ওমরা পালনকারীদের জন্য এখনও কাবা ঘরের তাওয়াফ নিষিদ্ধ থাকলেও কাবা ঘরের তাওয়াফের স্থান উন্মুক্ত করা হয়েছে। কভিড-১৯ নামের নতুন করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পবিত্র কাবা ঘরের মূল তাওয়াফের স্থান (মাতাফ) বন্ধ করা হয়েছিল। সেটি আবারও মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে ওমরাহকারীদের জন্য এখনো নিষেধাজ্ঞা বিদ্যমান রয়েছে।
এদিকে আল-হারামাইনিশ শারিফাইনের তত্বাবধায়ক ও মসজিদুল হারামের ইমাম শায়খ আব্দুর রহমান আস সুদাইসি বলেছেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সৌদি সরকার সতর্কতামূলক সাময়িক যে পদক্ষেপ গ্রহণ করেছে তা শরিয়তের আইনের সঙ্গে সংগতিপূর্ণ সিদ্ধান্ত ছিল। যে কোনো মহামারি থেকে জনগণের জীবনের নিরাপত্তা প্রদান করা সরকারের প্রথম দায়িত্ব। এজন্য করোনা ইস্যুতে সৌদি আরব যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেগুলো শরিয়তের আইনের সীমানা ও ইসলামি নীতিমালার অন্তর্ভুক্ত ছিল।
বিশেষ অ্যান্টিভাইরাস দিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পর তা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়। মাতাফ এলাকা এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত বন্ধ রাখা হবে।
গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রাহমান বিন আবদুল আজিজ আল সুদাইস ভাইরাস প্রতিরোধে পূর্ব সতর্কতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি গ্র্যান্ড মসজিদে দায়িত্বশীল কর্মীদের সঙ্গে মুসল্লিদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।


