জাতিসংঘের প্রতি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান চীনের

জাতিসংঘের প্রতি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান চীনের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বর্তমান বিশ্বে করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ঝিম মেরে গেছে সবকিছু। সংক্রমণ থেকে বাঁচতে সকলের নিজেকে বন্দি করে রাখার এ সময়ে বন্ধ হয়ে গেছে বৈশ্বিক আমদানি-রফতানির নানা উপায়। এ পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর থেকে একতরফা নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

দেশটি বলেছে, করোনা ভাইরাসের এই মহামারীর ভেতরে দামেস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে না।

সিরিয়া পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভিডিও টেলিকনফারেন্সে দেয়া বক্তব্যে চীনের নতুন রাষ্ট্রদূত ঝ্যাং জুন সোমবার (৩০ মার্চ) বলেন, একতরফা নিষেধাজ্ঞার কারণে করোনার মহামারী সিরিয়ার উপরে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে এবং এ ব্যাপারে বেইজিং উদ্বিগ্ন।

চীনা রাষ্ট্রদূত বলেন, “বিশেষ করে সিরিয়া যখন খুব নড়বড়ে অবস্থায় রয়েছে তখন নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটির করোনা-বিরোধী লড়াইয়ের সক্ষমতা প্রশ্নসাপেক্ষ। এ অবস্থায় আমরা সিরিয়ার বেসামরিক এবং নিরীহ জনগণের মারাত্মক ভোগান্তি দূর করার জন্য দামেস্কের ওপর থেকে একতরফা নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

সম্প্রতি, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বের বিভিন্ন দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। তার প্রতি সমর্থন দিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, রাশিয়াসহ যে কয়টি দেশ জাতিসংঘের কাছে নিষেধাজ্ঞা বাতিল করার জন্য চিঠি দিয়েছে তার প্রতি বেইজিংয়ের সমর্থন রয়েছে। ঝ্যাং জুন বলেন, বেজিং আশা করে বিশ্বের আট দেশের চিঠি বিবেচনায় নিয়ে জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *